যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (১ অক্টোবর) রাত সোয়া ১১টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি চার্টার্ড ফ্লাইটে ঢাকা পৌঁছান প্রধানমন্ত্রী।
এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত ১৭ সেপ্টেম্বর নিউইয়র্কের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে দু’দিনের যাত্রা বিরতির পর ১৯ সেপ্টেম্বর নিউইয়র্ক পৌঁছান তিনি।
নিউইয়র্কে অবস্থানকালে গত ১৯ সেপ্টেম্বর থেকে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের অংশগ্রহণের সাইড লাইনে অনুষ্ঠিত বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের আলোচনা সভায় অংশ নেন তিনি। একই সময়ে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন সংস্থা প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে ভাষণ দেন প্রধানমন্ত্রী। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অনুসরণ করে বাংলায় ভাষণ দেন তিনি।
এবার নিয়ে এটি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ১৮তম বার অংশগ্রহণ করলেন শেখ হাসিনা। নির্বাচিত রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক জাতিসংঘ অধিবেশনে অংশগ্রহণকারীদের মধ্যে শেখ হাসিনা অন্যতম। গত বছর করোনা মহামারির কারণে জাতিসংঘ অধিবেশনে সশরীরে অংশ নিতে পারেননি প্রধানমন্ত্রী।
জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া বক্তব্যে এবং সাইড লাইনে বিভিন্ন আলোচনায় শেখ হাসিনা করোনা ভ্যাকসিন বৈষম্য, রোহিঙ্গা সংকট, আফগানিস্তান সংকট, জলবায়ু পরিবর্তন ইস্যু, টেকসই উন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা, তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুতে গুরুত্বপূর্ণ কথা বলেন।
২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত টেকসই উন্নয়নে বাংলাদেশের অর্জনের জন্য ‘এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড’ পেয়েছেন শেখ হাসিনা।
জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সলুশান নেটওয়ার্ক (এসডিএসএন), গ্লোবাল মাস্টার্স অব ডেভেলপমেন্ট প্র্যাকটিস এবং যুক্তরাষ্ট্রের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের আর্থ ইনিস্টিউট ও সেন্টার ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট যৌথভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ পুরস্কার প্রদান করে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



