জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস সিলেটে ব্যতিক্রমী আয়োজনে পালন করলো বিজিবি। দিবসটিতে জেলার দুস্থ অসহায় জনসাধারণের মধ্যে খাদ্য সামগ্রি ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ আগস্ট) বিজিবি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক সিলেট সেক্টর সদর দপ্তর কর্তৃক এই কর্মসূচী পালন করা হয়।

বিজিবি সিলেট ৪৮ ব্যাটালিয়নের ডিবিরহাওড় বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকা এবং সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার গরীব-দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
এছাড়া একই দিনে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এর ব্যবস্থাপনায় গরীব-দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

দিবসটিতে কর্মসূচী অনুযায়ী সিলেট সেক্টর সদর দপ্তরের কেন্দ্রীয় মসজিদে ফজর নামাজের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পচাত্তরের ১৫ আগস্ট শাহাদাত বরণকারী পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।এরপূর্বে মসজিদে কোরআন খতম করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে রিভিলি হতে রিট্রিট পর্যন্ত সকল স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং সিলেট সেক্টরসহ অধীনস্থ ব্যাটালিয়ন সমূহের সকল সদস্য কালো ব্যাজ পরিধান করেন।

জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট সেক্টরের তত্ত্বাবধানে ৪৮ ব্যাটালিয়ন বিজিবি’র ব্যবস্থাপনায় আখালিয়াস্থ মাল্টিপারপাস সেড-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও বঙ্গবন্ধু’র বর্ণাঢ্য জীবন ও কর্মের উপর নির্মিত প্রামাণ্যচিত্র এবং বাংলাদেশ রাইফেলস এর ৩য় রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজে বঙ্গবন্ধু’র দেয়া ভাষণের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
সিলেট সেক্টরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+।

এছাড়া দিবসটি উপলক্ষে সিলেট জেলার সীমান্তবর্তী গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ২৫০ প্যাকেট ও সুনামগঞ্জ জেলায় ১০০ প্যাকেটসহ মোট ৩৫০ প্যাকেট শুকনা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এদিকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসে জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় টুকের বাজার হাজি আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ে সিলেট জেলার গরীব দুঃস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করা হয়।
এদিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উক্ত এলাকায় পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে বিজিবি সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের মেডিকেল অফিসার ক্যাপ্টেন মো. নাজমুল হাসান এবং সিলেট সেক্টরের মেডিকেল অফিসার ডা. ফাহমিদা জাহানের নেতৃত্বে একটি চিকিৎসক দল উক্ত এলাকায় চিকিৎসা সেবা প্রদান করেন।

বিজিবি জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর মো. হাসান আরাফাত পিএসসি উপস্থিত থেকে মেডিকেল ক্যাম্পেইনের সার্বিক তদারকি করেন।
এছাড়াও সিলেট সেক্টর কমান্ডার কর্নেল জি এইচ এম সেলিম হাসান, বিজিবিএম, পিএসসি, জি+ উক্ত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন বিজিবি জকিগঞ্জ ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল খোন্দকার মো. আসাদুন্নবী, পিএসসি। মেডিকেল ক্যাম্পেইন চলাকালীন সিলেট জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



