মৌলভীবাজারে আব্দুল বাছিত খান (৪২) নামে এক সাংবাদিককে কুপিয়ে জখম করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছে।
শনিবার (১৩ আগস্ট) দুপুর দেড় টার দিকে কমলগঞ্জ উপজেলার উবাহাটা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আব্দুল বাছিত জেলার কমলগঞ্জ থানাধীন রামচন্দ্রপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে।
তিনি দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি ও নতুন দিনের মৌলভীবাজার প্রতিনিধি হিসেবে কাজ করতেন বলে জানিয়েছেন তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী ছিনু রঞ্জন তালুকদার।
তিনি বলেন, তার অবস্থা খুবই সংকটাপন্ন। দুর্বৃত্তরা তার হাত-পাসহ দেহের বিভিন্ন অংশ কুপিয়ে জখম করেছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, একটি বেসরকারি টিভি চ্যানেলের সহকর্মীর সঙ্গে ওই এলাকায় ঘুরতে যান বাছিন। বাড়ি ফেরার পথে ৭/৮ টি মোটরসাইকেলে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা তাদের গতিরোধ করে। এসময় একটি মোটরসাইকেল থেকে ৩ জন নেমে এসে বাছিতকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়দের সহযোগীতায় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আব্দুল বাছিত খানের অতিরিক্ত রক্তক্ষরণ হওয়াতে অবস্থা গুরুতর। তাকে বাঁচাতে প্রাণান্তর চেষ্টা চালানো হচ্ছে। তার দেহে একাধিক অস্ত্রোপচার করা হচ্ছে।
সিলেটের কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদুস হাসান বলেন, খবর পেয়ে তিনি একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিকেল পৌছে ৬টার দিকে আলাপকালে তিনি ঘটনাস্থলে অবস্থান করছিলেন জানিয়ে বলেন, আমরা দুর্বৃত্তদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কি কারণে ওই সাংবাদিকের উপর হামলা হয়েছে, তা নিশ্চিত হতে পারেননি তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



