মজুরি বৃদ্ধি সহ অন্যান্য চুক্তি বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন রেজি. নং বি-৭৭ এর অন্তর্ভুক্ত মনু-দলই ভ্যালীর ২৩ চা বাগানের মধ্যে ২১টি চা বাগানে কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন সাধারণ চা শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়। মির্তিঙ্গা চা বাগানের সাধারণ শ্রমিকরা ভৈরববাজার-মুন্সীবাজার আঞ্চলিক সড়ক ২ ঘন্টা অবরোধ করে এ কর্মসূচি পালন করেন। প্রতিটি চা বাগানের পঞ্চায়েত সভাপতির নেতৃত্বে চা বাগানের প্রধান ফটকের সামনে এ কর্মবিরতি পালন করেন চা শ্রমিকরা। এ সময় বক্তারা বলেন, আগামী ৩ দিনের মধ্যে তাদের মজুরি বাড়ানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত না আসলে পরবর্তীতে অর্ধদিবস কর্মবিরতি পালন সহ কঠোর কর্মসূচি আসবে।
মির্তিঙ্গা চা বাগানে আয়োজিত কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের মনু-দলই ভ্যালীর সভাপতি ধনা বাউরী। তিনি বলেন, চা বাগানগুলোর মালিক পক্ষ দ্বিপক্ষীয় চুক্তি বাস্তবায়ন না করে আমাদের সাথে টালবাহানা করছে। আমাদের মজুরি ১২০ টাকা থেকে ৩০০ টাকা করার দাবি অনেক দিনের। মালিকপক্ষ ইতিমধ্যে ১৪ টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। আমরা এটা মানতেছি না। ১৩৪ টাকা দিয়ে কিভাবে একজন শ্রমিকের জীবন চলবে? এ অবস্থায় বর্তমান বাজারে দ্রব্যমূল্যের সঙ্গে সংগতি রেখে চা শ্রমিকের মজুরি ৩০০ টাকায় উন্নীত করার দাবিতে আজ থেকে ২ ঘন্টা করে ভ্যালির চা বাগানগুলোতে কর্মবিরতি পালন করা হচ্ছে। আগামী ৩ দিনের মধ্যে আমাদের দাবি না মানা হলে আমরা অর্ধদিবস কর্মবিরতিসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে বলেও মন্তব্য করেন এ শ্রমিক নেতা।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



