সুনামগঞ্জের দোয়ারাবাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) বেলা দেড়টার দিকে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের জুমগাঁও ও চিলাইপাড় গ্রামে এই ঘটনা ঘটে।
বাংলাবাজার ইউনিয়নের চিলাইপাড় গ্রামে ছফির উদ্দিনের পুকুরের পানিতে ডুবে তার ৫ বছর বয়সী শিশুকন্যা আমেনা খাতুনের মৃত্যু হয়। ওই সময়ের মধ্যে পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় আমেনা। পরে বাড়িতে না ফেরায় খোঁজাখোজির এক পর্যায়ে পুকুর থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করেন স্বজনরা। পরে স্থানীয় বোগলাবাজার কমিউনিটি ক্লিনিকে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে, একই দিন বেলা ১১টায় জুমগাঁও গ্রামের হায়দর আলীর পুকুরের পানিতে পড়ে তার ২০ মাস বয়সী ছেলে মিছবাউল ইসলামের মৃত্যু হয়। বাড়ির লোকজনের অগোচরে পুকুরের পানিতে পড়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে পরিবার জানায়।
বেলা সাড়ে ১১টার দিকে চাচাতো ভাই সাইদ আহমদ (০৮) মিছবাউলকে পুকুরের পানিতে ভাসতে দেখে চিৎকার করলে বাড়ির লোকজন এসে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। পরে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবদুলাল ধর বলেন, পানিতে পড়ে দুজনের মৃত্যুর সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে তাদেরকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



