ওসমানী মেডিক্যাল কলেজের দুই ছাত্রের উপর বহিরাগতদের হামলার ঘটনায় গভীর রাত পর্যন্ত সড়ক অবরোধ করে রেখেছে শিক্ষার্থী ও ইন্টার্ণ চিকিৎসকরা। উদ্ভুত পরিস্থিতিতে গভীর রাতে নিজ কক্ষে পরিচালককে অবরুদ্ধ করে রাখেন তারা।
সোমবার (০১ আগস্ট) রাত সাড়ে ১০টার মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে দুই শিক্ষার্থীর উপর হামলার ঘটনা ঘটে।এই ঘটনার জেরে রাস্তায় নেমে আসেন মেডিক্যাল কলেজের শিক্ষার্থীরা। তারা হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান। এসময় হাসপাতালের ইন্টার্ণ চিকিৎসকরাও হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ রেখে আন্দোলনে সামিল হন। তারা হাসপাতালের ফটক বন্ধ করে দিলে ভোগান্তিতে পড়েন চিকিৎসাধীন থাকা রোগি ও তাদের স্বজনরা। আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি, অপরাধীদের গ্রেফতার না করা পর্যন্ত তারা রাস্তায় অবস্থান করবেন।

শিক্ষার্থীদের দাবি, বহিরাগতরা ক্যাম্পাস অভ্যন্তরে এসে দুই শিক্ষার্থীর উপর হামলা করে। এতে আহত হয়েছেন মেডিক্যাল কলেজের ৫ম বর্ষের ছাত্র নাইমুর রহমান ইমন (২৪) ও ৩য় বর্ষের রুদ্র নাথ (২০)। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
রাত ১টার দিকে পরিচালক মাহবুর রহমান তার কক্ষে অবস্থান করছিলেন।তখন আন্দোলনরত শিক্ষার্থী ও ইন্টার্ন চিকিৎসকেরা মিলে পরিচালক মাহবুর রহমান ভূঁইয়াকে তার কার্যলয়ে অবরুদ্ধ করে রাখেন।একই সঙ্গে সব ধরণের ক্লাস ও পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন শিক্ষার্থীরা।

এ অবস্থায় রাতে অভিযান চালিয়ে হামলায় জড়িত দু’জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন নগরের মুন্সিপাড়া এলাকার মৃত রানা আহমদের ছেলে মো. মাহিদ হাসান রাব্বি এবং কাজলশাহ এলাকার আব্দুল হান্নানের ছেলে মো. এহসান আহমদ।
পরিস্থিতি সামাল দিতে সিলেট মহানগর পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। শিক্ষার্থীদের বুঝিয়ে অবরোধ তুলে নেওয়ার চেষ্টায় রয়েছেন।
বিক্ষোভকারী মেডিক্যাল কলেজের শিক্ষার্থী শাহ অসিম ক্যানেডি বলেন, রোববার এক ইন্টার্ন চিকিৎসকের সঙ্গে রোগীর দুই স্বজন খারাপ ব্যবহার করলে তাদের পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনার জেরে সোমবার রাতে কলেজ ক্যাম্পাসের ভেতরে ঢুকে বহিরাগতরা কয়েকজন শিক্ষার্থীদের উপর হামলা করে। এতে দুই শিক্ষার্থী গুরুতর আহত হন।

তিনি বলেন, এ ধরণের হামলার ঘটনা অতীতে অনেকবার ঘটেছে। কিন্তু কোনো সুরাহা হয়নি। আমরা যদি বার বার হামলার শিকার হই, নিরাপত্তাহীন থাকি, তাহলে চিকিৎসা দেবো কিভাবে। তাই আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। এর একিটি সুরাহা না হওয়া পর্যন্ত রাস্তায় থাকবো।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক আহমদ মুন্তাকিম চৌধুরী বলেন, হামলার ঘটনার প্রতিবাদে কর্মবিরতির ঘোষণা দিয়েছে। হামলাকারী প্রকৃত দোষীদের গ্রেফতার না করা পর্যন্ত আমরা কাজে যোগ দেবো না।

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সার্বিক আইন শৃঙখলা
পরিস্থিতি শান্ত রাখতে পুলিশ কাজ করছে। এঘটনায় জড়িতদের গ্রেফতার করতেও অভিযান চলছে। এছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের বুজিয়ে সড়ক অবরোধ থেকে সরিয়ে আনারও চেষ্টা চলছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। তিনিসহ উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা ছাত্রদের বুঝিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছেন।
ঘটনার পর থেকে রাত আড়াইটা পয়ন্ত হাসপাতালের সামনের সড়কে অবরুদ্ধ করে রাখায় যানচলাচল বন্ধ রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



