সিলেট নগরের পাঠানটুলা এলাকায় মূল সড়কের উভয়পাশে উচ্ছেদ অভিযান চালিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)।
মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে বৃহস্পতিবার সকাল থেকে এই অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে গড়ে ওঠা ‘জামান ভিউ’ নামের একটি মার্কেট বুলডোজার দিয়ে ভাঙা হয়।
সিসিক সূত্রে জানা গেছে, পাঠানটুলা এলাকায় সড়কের উভয়পাশে শত শত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের ভবন গড়ে ওঠেছে। এগুলোর মধ্যে বেশকিছু ভবন আবার অবৈধ। এর মধ্যে ‘জামান ভিউ’ মার্কেটও আছে। একতলা বিশিষ্ট এই মার্কেট ভবন সড়ক ও জনপথ বিভাগের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, অবৈধ ভবনগুলোকে বিভিন্ন সময়ে একাধিকবার নোটিস প্রদান করা হয়েছে। কিন্তু তারা ভবনগুলো ভাঙেনি। এরই প্রেক্ষিতে আজ থেকে অভিযান চালিয়ে ভাঙা শুরু হয়েছে। অভিযানকালে বুলডোজার দিয়ে ‘জামান ভিউ’ মার্কেট ভেঙে ফেলা হয়।
মেয়র আরিফের নেতৃত্বে এই অভিযানে স্থানীয় কাউন্সিলর মখলিছুর রহমান কামরানসহ সিসিক কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘ড্রেনের জায়গা দখল করে বড় বড় ভবন তৈরি করা হয়েছে। পানি যে দ্রুত নামবে, কীভাবে নামবে? পানি জমলেই আমাদের দোষ হয়।’
তিনি বলেন, ‘অভিযান শুরু হয়েছে, কাউকেই ছাড় দেওয়া হবে না। অবৈধ ভবন ভাঙা হবে, উচ্ছেদ করা হবে। সড়ক ও ড্রেন প্রশস্ত হবে।’
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



