সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বুলবুল আহমদ (২২) এর ছিনতাই হওয়া মোবাইল ফোন ও হত্যাকান্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে বুলবুল হত্যার ঘটনায় আটক কা্মরুল আহমদের বাড়ি থেকে এই মোবাইল ফোন ও চাকু উদ্ধার করে পুলিশ। এই চাকু দিয়েই বুলবুলকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
কামরুল ইসলামের বাড়ি শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পেছনের টিলাগাও এলাকায়। তিনি পেশায় রাজমিস্ত্রি বলে জানা গেছে। বুলবুল আহমদ হত্যার রাতেই কামরুলকে আটক করা হয়।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, বুলবুলের মোবাইল ফোন ও একটি চাকু উদ্ধার করা হয়েছে।
এদিকে, পুলিশের একটি সূত্র জানিয়েছে, জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন কামরুল।
এরপরই তাকে নিয়ে অভিযানে যাওয়া হয়। হত্যায় তিনজন ছিলেন বলেও কামরুল জানিয়েছেন বলে জানান ওই পুলিশ সদস্য।
কামরুলসহ তিনজনকে এই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তোলা হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।
এদিকে, এই হত্যাকান্ডে তিনজন অংশ নেয় বলে ঘটনার সময় বুলবুলের সাথে থাকা ছাত্রীর বরাত দিয়ে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক আমিনা পারভীনও।
হত্যাকারী তিনজন মাস্ক পরা ছিলো বলেও ওই ছাত্রী জানিয়েছেন বলে জানান আমিন পারভিন।
সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসের গাজীকালুর টিলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন বুলবুল। তিনি লোকপ্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
এই হত্যাকাণ্ডের ঘটনায় সোমবার মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন জালালাবাদ থানায় মামলা করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



