জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে বক্তৃতার সময় গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে সঙ্কটাপন্ন অবস্থায় তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে একজনকে আটক করেছে পুলিশ। তবে কী কারণে তাকে গুলি করা হয়েছে তা এখনও জানা যায়নি।
জাপানের সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর নারাতে এক অনুষ্ঠানে বক্তৃতা করছিলেন শিনজো আবে। এসময় গুলি করা হয় তাকে। এতে সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়েন তিনি।
জাপানের সংবাদ সংস্থা জিজি প্রেস জানিয়েছে, গুলিবিদ্ধ হওয়ার পর শিনজো আবের গলা থেকে রক্তপাত হয়।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সন্দেহভাজন ৪০ বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। তবে হামলাকারীর নাম পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
সম্প্রচার মাধ্যম এনএইচকে জানিয়েছে, আগামী রবিবার জাপানের পার্লামেন্টের উচ্চ কক্ষের নির্বাচনকে সামনে রেখে এলডিপির প্রার্থীর প্রতি সমর্থন জানাতে শিনজো আবে দেশটির নারা শহরে এসেছিলেন।
বক্তৃতার প্রায় মাঝামাঝি সময়ে আবেকে পেছন থেকে গুলি করা হয়। এ সময় রক্ত পড়তে দেখা গেছে।
জাপানে সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন শিনজো আবে। তিনি দুই মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। অসুস্থতার কারণে ২০২০ সালে পদত্যাগ করেন।
২০০৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন আবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই ছিলেন সবচেয়ে কনিষ্ঠ প্রধানমন্ত্রী। ২০১২ সালে তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন।
শিনজো আবের বাবা দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। আর তার চাচা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



