সিলেটের ফেঞ্চুগঞ্জে সুনাম মিয়া হত্যা মামলার অন্যতম হোতা সাবেক ইউপি সদস্য শিব্বির আহমদকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই।
রোববার (৩ জুলাই) মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকির তীরবর্তী এক গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (০৪ জুলাই) দুপুরে তাকে সংশ্লিষ্ট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। শোনানী শেষে বিচারক তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই’র পরিদর্শক মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, আদালতের নির্দেশে সাবেক ইউপি সদস্য শিব্বির আহমদকে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
তিনি বলেন, এই মামলায় বছর তিনেক আগে গ্রেফতারকৃত আসামি সামসুজ্জামান শিমুল আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে সুনাম হত্যা জড়িতদের মধ্যে শিব্বির মেম্বারের নাম উঠে আসে। গ্রেফতারকালে সে দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। গ্রেফতারের পর সোমবার আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এদিকে, নিহতের বড় ভাই আকসার মিয়া জানান, তার ভাইকে হত্যায় সাবেক মেম্বার শিব্বির সরাসরি জড়িত। ইতোপূর্বে গ্রেফতার হয়ে কারাগারে থাকা সামসুজ্জামান শিমুলের জবানবন্দিতে শিব্বিরসহ আরো ৪ আসামির নাম উঠে আসে। তারা হলো- একই গ্রামের জুবায়ের, নাসিম, তানিম ও রিমন।
তিনি বলেন, ২০১৮ সালের ২৪ আগস্ট মাছ কিনার কথা বলে ডেকে নিয়ে তার ভাই সুনামকে হত্যা করা হয়। খুনীরা তাকে উপজেলার ডাকবাংলো এলাকার একটি পরিত্যাক্ত ঘরে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গলায় ফাঁস দিয়ে নৃশংসভাবে হত্যা করে। মূলত; তিনি নিজেও ইউপি সদস্য ছিলেন। এরই জের ধরে এবং শিব্বিরের বোনের সঙ্গে তার ভাইয়ের সম্পর্ক ছিল। এছাড়াও জায়গা জমি নিয়ে তাদের সঙ্গে বিরোধ ছিল। এই তিন কারণে তার ভাইকে হত্যা করা হয়।
এছাড়া সোমবার শিব্বির গ্রেফতারের খবর পেয়ে তারা নগরের উপশহর পিবিআই কার্যালয়ে গেলে শিব্বির তাদেরও হত্যার হুমকি দিয়ে বলে, আমি জেল থেকে বের হই, তোদের খবর আছে, বলে অভিযোগ করেন তিনি।
২০১৮ সালের ২৫ আগস্ট বেলা ২টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার পূর্ববাজার ডাকবাংলো এলাকায় একটি পরিত্যাক্ত ঘর থেকে সুনাম মিয়ার মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সুনাম উপজেলার পিঠাইটিকর এলাকার আব্দুল আহাদের ছেলে।
ফেঞ্চুগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) খালেদ আহমদ জানিয়েছিলেন, কে বা কারা সুনাম মিয়া নামের যুবককে হত্যার পর মরদেহ উপজেলার ডাকবাংলো এলাকার একটি পরিত্যাক্ত ঘরে রেখে যায়। নিহতের মুখে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল। এরপর নিহতের মা ঘটনাস্থলে এসে সুনামের মরদেহ সনাক্ত করেন। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে মামলা দায়ের করেন। হত্যার দীর্ঘ ৪ বছরের মাথায় এ নিয়ে দ্বিতীয় আসামিকে গ্রেফতার করা হলো।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



