নতুন সিলেট প্রতিবেদক:: বাংলাদেশ সংবিধানের ২৭ অনুচ্ছেদে বর্ণিত মৌলিক অধিকারসমূহে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের আশ্রয় লাভের অধিকারী। কিস্তু হিজড়া জনগোষ্ঠীর বেলায় বাংলাদেশে তা প্রতিফলিত হচ্ছে না।
২৮(১) অনুচ্ছেদে কেবলমাত্র ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী-পুরুষ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করবে না। সেখানেও সমাজে জন্ম নেওয়া একজন সন্তান হিজড়া পরিচয়ে বড় হওয়াতে বৈষম্যের শিকার হচ্ছে।
তেমনী সংবিধানে ২৮(২) অনুচ্ছেদে সরকারি নিয়োগ লাভে সমতা (১) প্রজাতন্ত্রে কর্মে নিয়োগ বা পদ লাভের ক্ষেত্রে সকল নাগরিকের জন্য সুযোগের সমতা থাকবে-উল্লেখ থাকলেও বঞ্চিত হিজড়া জনগোষ্ঠী। একই অনুচ্ছেদে (২) কেবল ধর্ম, বর্ণ, গোষ্ঠী, নারী পুরুষ ভেদে বা জন্মস্থানের কারণে কোনো নাগরিক প্রজাতন্ত্রের কর্মে নিয়োগ বা পদ লাভের অযোগ্য হবে না, কিংবা সেক্ষেত্রে তার প্রতি বৈষম্য প্রদর্শন করা যাবে না বলা হলেও কেবল শারিরিক প্রতিবন্ধকতা নিয়ে জন্মানোয় হিজড়া উপাধিতে ভূষিত নাগরিকরা সুবিধা বঞ্চিত রয়েই গেছেন।
এ বিষয়ে সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম বলেন, নাগরিক হিসেবে স্বীকৃতি পাওয়া হিজড়াদের মানবাধিকারের অংশ। যদিও তৃতীয় লিঙ্গ হিসেবে সংবিধানে নারী-পুরুষ ব্যতীত তাদের বিষয়ে কোনো কিছু উল্লেখ নেই। তবুও বিভিন্ন ক্ষেত্রে তারা তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি পাচ্ছে। সেই স্বীকৃতি পাওয়াটা একটি ইতিবাচক দিক। কারণ তারা জনগণের মধ্যে একটি স্বীকৃত অংশ, সেটাও তারা এখন প্রকাশ্যে বলতে পারছে। এই স্বীকৃতি পাওয়ার মধ্য দিয়ে তারা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় সাংবিধানিক, আইনী ও মৌলিক অধিকার-সব ধরণের অধিকার দাবি করতে পারবে। এখন করতেছেও।
তিনি বলেন, ইতোপূর্বে তাদের যে জীবনমান ছিল, তারা অস্বীকৃত জনগোষ্টী ছিল। গোপনে আড়ালে আব্দালে বিভিন্ন জায়গায় বসবাস করতো। মানুষ তাদের অসামাজিক অপবাদ দিতো। তাদের অসচেতনতা ও সামাজিক দৃষ্টিভঙ্গিগত কারণে কিছু কিছু ক্ষেত্রে অসামাজিকতায় তাদের লিপ্ত হয়ে থাকার অভিযোগ রয়েছে। এখন হয়তো তারা নিজেদের সচেতন করতে পারবে। স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠানে নিজেরা গিয়ে ভর্তি হয়ে আত্ম পরিচয় দিয়ে দাঁড়াতে পারবে।
ভারতে লোকসভা নির্বাচনের উদাহরণ টেনে তিনি বলেন, ভারতে তৃতীয় লিঙ্গের একজন এমএলএ হয়েছেন। বাংলাদেশেও স্থানীয় নির্বাচনে তাদের কয়েকজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সুতরাং অচিরেই তৃতীয় লিঙ্গের জনগোষ্টী তাদের অবস্থান থেকে একটা ইতিবাচক অবস্থানে যাবে। সমাজ স্বীকৃতি আত্মপ্রত্যয়ী রূপে তারা আভির্ভূত হবে। ইতিমধ্যে তাদের জাতীয় ভিত্তিক ও জেলায় জেলায় সংগঠন হয়েছে। এনজিওদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে। সমাজ সেবা অধিদপ্তর তাদের কিছিু কিছু সহযোগীতা করছে। যদি তারা প্রাথমিক অবস্থায় এগিয়ে যেতে পারে। তাহলে সমাজে আত্ম কর্মস্থানমূলক কাজে অংশ নিতে পারবে।
অ্যাডভোকেট এমাদুল্লাহ শহিদুল ইসলাম বলেন, তৃতীয় লিঙ্গের লোকজন শারিরিকভাবে কর্মক্ষম। তারা লেখাপড়া করতে পারলে অফিস আদালতে কাজ করতে পারবে। কিন্তু প্রতিবন্ধকতা হচ্ছে সামাজিক দৃষ্টিভঙ্গি। যেটাতে অতিক্রম করতে হবে। সোস্যাল সায়েন্স অনুযায়ী, এদেরকে শারিরিক প্রতিবন্ধি বলা হয়। তারা সংঘবদ্ধ হলে শারিরিক প্রতিবন্ধকতাটাও অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে পারবে। আমাদেরও তাদের পক্ষে দাবি-দাওয়া উত্তাপন করতে হবে।
তিনি বলেন, হিজড়াতের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে। এ জন্য আমাদের সচেতন হওয়া প্রয়োজন। আমরা বুঝতে হবে, তারা প্রাকৃতিকভাবে এই জায়গাতে এসেছে। হিজড়া হওয়ার পেছনে তারা নিজেরা দায়ি নয়। তাদের বিষয়ে ছাত্র-শিক্ষক, সবার মধ্যে কাউন্সেলিং দরকার। সভা-সেমিনারে কথা বলা দরকার। তাদের সরকারি চাকুরীতে অগ্রাধিকার দেওয়া যাবে। আর নাগরিক অধিকার দিতে হলে সংবিধান সংশোধন করতে হবে। নারী-পুরুষের সঙ্গে তৃতীয় লিঙ্গ অন্তর্ভূক্ত করতে হবে। অথবা সংবিধানে অন্তভূক্ত না করেও আইনী অধিকার দেওয়া যায় প্রতিবন্ধি কোঠায়।
সুশাসনের জন্য নাগরিক (সনাক) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী বলেন, বর্তমান সরকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রাধান্য দিয়ে কাজ করছে। হিজড়ারাও সমাজে অবহেলিত, বঞ্চিত জনগোষ্ঠী। তাদের পেছনে ফেলে রেখে কাঙ্খিত উন্নয়ন সম্ভব হয়। টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পিছিয়ে থাকা জনগোষ্টীর জীবনমান উন্নয়ন প্রয়োজন। সেক্ষেত্রে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে হিজড়াদের একটি জায়গায় ঘর বানিয়ে দিয়ে পূণর্বাসন করা যেতে পারে। এটা সরকারের জন্য একটি বড় উদাহরণ হয়ে থাকবে। যেমনটি করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চা শ্রমিকদের ভোটাধিকার দিয়ে। নির্বাচন এলে আজো চা শ্রমিকরা জাতির জনকের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ নৌকায় ভোট দেয়।
তিনি বলেন, হিজড়াদের যারা লেখাপড়া করছেন, তাদের সরকারি চাকরী সুবিধা দেওয়া যেতে পারে। পাশাপাশি গার্মেন্টস সেক্টর, সিটি করপোরেশন এলাকায় ট্রাফিকিংয়ের কাজে লাগানো যেতে পারে। তাদের জীবন মানোন্নয়নে বিভিন্ন সেক্টরে চাকরী সুবিধা দিয়ে বিত্তশালীরা ভূমিকা রাখতে পারেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



