জনগনের সঙ্গে এই সরকারে কোন সম্পর্ক নেই মন্তব্য করে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, এই অবৈধ সরকার বন্যার পানিতে ভেসে যাবে।
তিনি বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী আকাশ পথে সিলেট ঘুরে গেছেন। যদি বন্যাকে উনার কাছে নেওয়া যেতো, তাহলে মনে হয় উনার জন্য আরো ভালো হতো।
রোববার (০৩ জুলাই) দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালাপুর ইউনিয়নের আনিলগঞ্জ বাজারে বন্যা দুর্গত মানুষদের মাঝে খাদ্য সহায়তা বিতরণকালে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে দুর্গত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, এই অবৈধ সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় বন্দি করে রেখেছে।যাতে তিনি জনগনের কাছে যেতে না পারেন। আমাদের দলের নেতাকর্মীরা প্রতিনিয়তই মানুষদের কাছে যাচ্ছেন, সহায়তা দিচ্ছেন। দেশের মানুষ যখন বন্যার পানিতে ডুবছে তখন সরকার পদ্মা সেতু উদ্বোধনের নামে বিদেশী শিল্পী এনে উৎসব করেছে।
ত্রাণ বিতরণ পূর্ব সভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এসময় বক্তব্য রাখেন- মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, বিএনপির কেন্দ্রীয় সদস্য ও সিলেট সিটি করপোরেশনের মেয়র মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান, সহ সভাপতি নেওয়াজ হালিমা আরলি, যুগ্ম সাধারণ সম্পাদক শাহানা আক্তার শানু, নায়েবা ইউসুফ, সহ ত্রাণ বিষয়ক সম্পাদক নুরুন নাহার রেজা শিল্পী।
সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সিলেটে এ নিয়ে তিনবার বন্যা হয়েছে। বিগত ১২২ বছরের মধ্যে এমন বন্যা আমরা দেখি নাই। এটি মানবসৃষ্ট বন্যা। মহিলা দলের কেন্দ্রীয় নেতারা সিলেটের বিপদগ্রস্ত মানুষদের দেখতে এসেছেন, খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, সিলেটবাসীর এই ভয়াবহ দুর্যোগে একমাত্র বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের তৃণমূল থেকে শুরু করে কেন্দ্রীয় নেতারা পর্যন্ত দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। দীর্ঘদিন ক্ষমতার বাহিরে থাকার পরও নিজেরা সাধ্যমত পানিবন্দি মানুষদের পাশে দাঁড়াচ্ছেন। আর জনগনের ভোট চুরি করে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগ মানুষের পাশে না দাঁড়িয়ে লুটপাট করতে ব্যস্ত। তারা মেগা প্রকল্পের নামে মেঘা দুর্নীতি করছে। দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। জনগনের টাকার হিসাব একদিন দিতে হবে।
মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ বলেন, আমরা ঢাকা থেকে শুনেছি সিলেটে বন্যা হয়েছে, মানুষ ভেসে যাচ্ছে। তারেক রহমানের নির্দেশ দিয়েছেন নিজেদের সাধ্যমত বানবাসি মানুষদের সহায়তা করতে। বিএনপি দেশের সব চেয়ে জনপ্রিয় দল। তারা দেশের দুর্যেগে মানুষের পাশে দাঁড়ায়।বিএনপি ও মহিলা দল সব সময় মানুষের পাশে আছে এবং থাকবে।
এসময় উপস্থিত ছিলেন- মহিলা দলের কেন্দ্রীয় সহ-সভাপতি সামিয়া বেগম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রোকশানা বেগম শাহনাজ, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কোহিনুর আহমদ, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপী, সাধারণ সম্পাদক ফাহিমা আহাদ কুমকুম, সাংগঠনিক সম্পাদক পলিনা রহমান, জেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম শাহপরান, মনিরুল ইসলাম তোরন, শামসুর রহমান শামীম, জিল্লুর রহমান সুয়েব, আব্দুস শহীদ পংকি,আব্দুল হাই মাসুক, বদরুল ইসলাম জয়দু, মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান, জেলা মহিলা দলের যুগ্ন সাধারণ সম্পাদক মিলি আক্তার, সহ সাংগঠনিক সম্পাদক সালমা আক্তার, জেলা বিএনপি নেতা লোকমান আহমদ, জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, বিএনপি নেতা মাহবুব আলম, রায়হানুল হক, আহাদ চৌধুরী শামীম, জেলা যুবদল নেতা আবুল কাশেম, হারুনর রশিদ প্রমুখ।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



