সিলেটে দুই বাসের সংঘর্ষে দুই বাসের চালকসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় অর্ধশত যাত্রী। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭ টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কে জেলার বিশ্বনাথ উপজেলার রশিদপুরে এ দুর্ঘটনা ঘটে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জ্যোতিময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর ব্রিজের পূর্বদিকে আব্দুর রহমান পেট্রোল পাম্পের সামনে সিলেট থেকে ঢাকাগামী এনা পরিবহন বাস এবং ঢাকা থেকে সিলেটগামী লন্ডন এক্সপ্রেস বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ভয়াবহ ধরনের সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলে দুই বাসের চালকসহ চারজন এবং ১৮ জনকে তাৎক্ষনিক হাসপাতালে ভর্তির পর আরো ৪ জনের মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে নিহতদের মধ্যে রয়েছেন এনা পরিবহণের চালক সিলেটের ওসমানীনগরের ধরখা গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে মঞ্জু মিয়া (৩৮), বাসের হেলপার একই গ্রামের মৃত মনসুর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০), বাসের সুপারভাইজার সুনামগঞ্জের জগন্নাথপুরের মিয়াডরা গ্রামের মৃত আলীউর খানের ছেলে সালমান (২৫), চুয়াডাঙা জেলা সদরের আমবাড়িয়া উপজেলার ডা. আমজাদ হোসেন খানের ছেলে সিলেট ইউমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. ইমরান খান রুমেল (৪৮), ব্রাক্ষণবাড়িয়া জেলার সরাইলের শাহবাজপুর রাজামরিয়া কান্দি গ্রামের আলী হায়দার মেম্বার বাড়ির আলী হায়দার মেম্বারের ছেলে নুরুল আমিন (৫), ঢাকার ওয়ারি এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে সাগর (১৯) ও সিলেট নগরের আখালিয়া নতুনবাজার ৬০ নং বাসার আব্দুর রশিদের ছেলে শাহ কামাল (৪৫)।
হাসপাতালের বরাত দিয়ে সিলেটের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনাস্থলে চারজন এবং হাসপাতালে নেওয়ার পর আরো তিন জনের মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

এদিকে, দুর্ঘটনার ফায়ার সার্ভিসের টিম দু’টি বাসের বডি কেটে হতাহতদের উদ্ধার করছে। দু’টি বাসের চালকের ড্রাইভার মৃত্যু হয়েছে এবং হতাহতদের সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ওসমানীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাকিব উদ্দিন বলেন, আমরা অন্তত ঘটনাস্থল থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছি। হাসপাতালে নেওয়ার পর মারা গেছে আরো তিনজন।তবে হতাহত রয়েছেন অনেকে।দুই বাসের সংঘর্ষের পর অনেককে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের পাশাপাশি দক্ষিণ সুরমার নর্থইস্ট হাসপাতালেও ভর্তি করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



