বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে তেল-গ্যাস সহ নিত্যপন্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটনগরীসহ বিভিন্ন উপজেলায় বিক্ষোভ মিছিল বের করা হয়। এরমধ্যে কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপির মিছিলে হামলার ঘটনা ঘটেছে।
সোমবার (১৩ জুন) দুপুরে হামলার পৌর শহরে মিছিল বের করা হলে হামলার ঘটনা ঘটে। এতে বিএনপির কয়েক নেতাকর্মী আহত হয়েছেন।
স্থানীয়সূত্র জানায়, উপজেলা ও পৌর বিএনপি শহরে বিক্ষোভ মিছিল বের করলে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা করে। এসময় বিএনপি নেতাদের মালিকানা ব্যবসা প্রতিষ্ঠানেও ভাঙচুর করা হয়।
হামলার ঘটনায় আহত হয়েছেন- উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক খসরুজ্জমান, বিএনপি নেতা এখলাছুর রহমান, যুবদল নেতা খাইরুল ইসলাম, ছাত্রদল নেতা রাসেল আহমেদ, আনোয়ার ও ছাইফুর রহমান গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জেলা বিএনপি।
শান্তিপূর্ণভাবে কর্মসূচি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা সংঘটিত ন্যাক্কারজনক ও কাপুরোষিত আখ্যায়িত করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘অগণতান্ত্রিক পন্থায় জোরজবরদস্তিমূলক ভাবে ক্ষমতা দখল করে ভয়াবহ দুঃশাসন জারি রেখেছে বর্তমান আওয়ামী সরকার। জনগণকে উপেক্ষা করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ভর করে দেশ শাসনের কারণেই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। যার ফলশ্রুতিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের জানমাল এখন চরম হুমকির মুখে।
বিবৃতিতে মহাসচিব বলেন, শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করার সময় বিএনপি নেতাকর্মীদের ওপর সরকারদলীয় সন্ত্রাসীদের বর্বরোচিত হামলা প্রমাণ করে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্রটি এখন সন্ত্রাসের অভয়ারণ্য। আজ সিলেটের কানাইঘাট উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা বিএনপি নেতৃবৃন্দের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটসহ নেতাকর্মীদেরকে আহত করা সেটিরই নিকৃষ্ট উদাহরণ।
তাছাড়া দমন-পীড়ন চালিয়ে জনগণের মৌলিক অধিকার হরণ এবং বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর ক্রমাগত জুলুম নির্যাতন ও গুম, খুন, অপহরণের যে হিড়িক চলছে, তাতে দেশের মানুষ এখন সর্বদা আতঙ্কগ্রস্ত। এই ধরণের সহিংস জুলুম ও রক্তপাতের বিরুদ্ধে দেশের মানুষের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোন বিকল্প পথ নেই। বিএনপি মহাসচিব অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং আহত নেতাকর্মীদের আশু সুস্থতা কামনা করেন।
সিলেট জেলা বিএনপির নিন্দা: আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি নেতৃবৃন্দের উপর হামলা ও মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুটপাট করায় ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ প্রকাশ করেছে সিলেট জেলা বিএনপি।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী এক যৌথ বিবৃতিতে এঘটনার নিন্দা জানিয়ে বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য মিছিল করেনি, মিছিল করেছে তেল-গ্যাস সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এবং মূল্য রাসের দাবীতে। জনগনের ন্যায্য দাবী আদায়ের কর্মসূচীতে এমন বর্বর সন্ত্রাসী হামলা ফেসিস্ট চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। তারা সব সময়ই জনগনের ন্যায্য দাবীকে শক্তি দিয়ে থামিয়ে দিতে চায়। কিন্তু জনগনের ন্যায্য দাবী আদায়ের আন্দোলন থেকে বিএনপিকে সরিয়ে দিতে পারবে না। এঘটনায় জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় সর্বস্থরের জনগনকে নিয়ে আওয়ামী সন্ত্রাসীদের মোকাবেলা করবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



