যশোরে বরযাত্রী চলে যাওয়ার পর সাবেক স্ত্রীর বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শুভকে ধরতে না পারলেও তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার হলেন- শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মাসুম হোসেনের ছেলে ২০ বছর বয়সী অয়ন ও একই এলাকার ওহাব আলীর ছেলে ১৮ বছরের আমানউল্লাহ।
জানা গেছে, শহরের শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার জাকিরের ছেলে শুভর। তারা পালিয়ে বিয়েও করেছিলেন। শুভর নির্যাতনে বিয়ের পাঁচ মাস পর তালাক দিয়ে বাবার বাড়ি চলে আসেন ওই তরুণী। তার অন্য জায়গায় বিয়ে ঠিক করে পরিবার।
সোমবার রাতে ছিল বিয়ের অনুষ্ঠান। সব আনুষ্ঠানিকতা শেষে বরযাত্রীদের বিদায় দেন পরিবারের লোকজন। এর মধ্যেই সাবেক স্ত্রীর বিয়ের খবর জানতে পারেন শুভ। এতে ক্ষিপ্ত হয়ে রাত ১১টার দিকে সহযোগী অয়ন ও আমানউল্লাহকে নিয়ে মেয়ের বাড়ির সামনে দুটি বোমার বিস্ফোরণ ঘটান।
কোতোয়ালি থানার এসআই আ ফ ম মনিরুজ্জামান বলে, মঙ্গলবার ভোরে আমানউল্লাহ ও অয়নকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে দুটি বোমা ও একটি ছুরি উদ্ধার করা হয়। বিকেলে দুজনকে বিস্ফোরক আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



