চিরাচরিত নিয়মানুসারে হযরত শাহজালাল (রহ.) উরস মোবারককে সামনে রেখে সিলেটে লাকড়ি তোড়া উৎসব সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ মে) লাকড়ি তোড়া উৎসবকে কেন্দ্র করে প্রচুর সংখক ভক্ত অনুরাগীর ঢল নেমেছিলো হযরত শাহজালাল (রহ.) দরগা মাজার প্রাঙ্গনে।
লাকড়ি তোড়া উৎসব উপলক্ষে ভক্তিমূলক গান ও বাদ্যযন্ত্রের সুরে মুখরিত ছিলো গোটা এলাকা।
ইতিহাসবিদরা বলেন, ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহজালাল (র.) জীবদ্দশা থেকে এভাবে লাকড়ি সংগ্রহ করা হতো। সে চিরায়ত ঐতিহ্য বিগত সাতশ বছর ধরে ওরসের তিন সপ্তাহ আগে ‘লাকড়ি তোড়া’ সম্পন্ন হয়ে আসছে।
এরই ধারাবাহিকতায় আজ শনিবার জোহরের নামাজের আগে থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারও ভক্ত-অনুরাগীরা জড়ো হন দরগাহ প্রাঙ্গণে। নামাজের পর দরগাহে মিলাদ শেষে নাগারা বাজার সঙ্গে সঙ্গে ভক্তরা শহরতলির লাক্কাতোড়া ও মালনিছড়া চা বাগানের মাঝামাঝি নির্ধারিত টিলার উদ্দেশে রওয়ানা দেন। সেখানে গিয়ে আবারও মিলাদ পড়া হয়। এরপরই শুরু হয় লাকড়ি সংগ্রহ।
লাকড়ি সংগ্রহ শেষে ‘লালে লাল- শাহজালাল’ ‘শাহজালাল বাবা কি জয়’, ‘৩৬০ আউলিয়া কি জয়’ এবং ওলি আউলিয়া কি- জয়’-এ রকম নানা স্লোগান দিয়ে মিছিল করে মাজারে ফেরেন ভক্তরা। মাজারের পুকুরে লাকড়ি ধুয়ে নির্ধারিত স্থানে রেখে দেন তারা। এসব লাকড়ি বা কাঠ ওরসের সময় শিরনির রান্নার কাজে ব্যবহৃত হবে।
সুফি সাধক হযরত শাহজালাল (রহ.) এর স্মৃতি বিজড়িত এ উৎসব প্রতি হিজরী বর্ষের ২৬ শে শাওয়াল পালন করা হয়।
শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা ও আভিজাত্যের গৌরব ধ্বংসের শিক্ষা নিয়ে প্রায় ৭শ’ বছর ধরে সিলেটে এ উৎসব উদযাপন করা হচ্ছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



