শিখর ধাওয়ান চলতি আইপিএলে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছেন। এই আসরে পাঞ্জাব কিংসে যোগ দেন তিনি এবং ৩৮.৩ গড়ে ১৪ ম্যাচে করেন ৪৬০ রান। দলকে প্লে অফে তোলার আশা করেছিলেন এই ভারতীয় ব্যাটসম্যান। কিন্তু ব্যর্থ হয়েছে পাঞ্জাব। তাতে স্বাভাবিকভাবে হতাশ ধাওয়ান, এমনকি এই ব্যর্থতায় তার বাবার কাছে ‘মার খেয়েছেন’ তিনি।
ইনস্টাগ্রামে ধাওয়ান একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যায়, তার বাবার থাপ্পড় খেয়ে মাটিতে পড়ে যান। তারপর লাথি-গুঁতো খেয়েছেন। পরিবারের অন্য সদস্যরা তার বাবাকে থামানোর চেষ্টা করছেন। ধাওয়ানের ক্যাপশনে লেখা, ‘নকআউটে উঠতে না পারায় আমার বাবার কাছে নকআউট।’
না, সত্যি সত্যিই মার খাননি ধাওয়ান। পুরোটাই ছিল নাটক। ভারতীয় ব্যাটসম্যানের এই ভিডিও বেশ হাসির খোরাক জুগিয়েছে। সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং লিখেছেন, ‘বাপু তোমার চেয়ে ভালো অভিনেতা… কী চমৎকার।’ ধাওয়ানের পাঞ্জাব সতীর্থ হারপ্রীত ব্রার পোস্টে কমেন্ট করেছেন, ‘হা হা, আংকেল রেগে আগুন।’
পাঞ্জাব এবার ১৪ ম্যাচে ৭ জয়ে ষষ্ঠ স্থানে থেকে আইপিএল শেষ করেছে। মায়াঙ্ক আগারওয়ালের নেতৃত্বে মৌসুম দারুণ শুরু করেছিল কিন্তু ধারাবাহিকতার অভাবে ছিটকে যায় তারা।
পাঞ্জাবের ব্যর্থতার সঙ্গে আরেকটি আক্ষেপ হয়তো আছে ধাওয়ানের, আইপিএলে দারুণ পারফরম্যান্স করলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছেন।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



