মদন মোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী ও ছাত্রদলের ভিপি প্রার্থী মুহিবুর রহমান অপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় দ্বাদশ শ্রেণির ছাত্র কিবরিয়া হোসাইন নিহত হয়েছেন। এছাড়াও ১০-১২ জন ছাত্র আহত হওয়ার খবর পাওয়া গেছে।
গত মঙ্গলবার (১৫ জুন) দুপুরে কলেজ ক্যাম্পাসের সামনে এ ঘটনা ঘটে। নিহতের ঘটনায় ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী বাদী হয়ে এসএমপি’র কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। (মামলা নং- ২৫, ১৭.০৬.২০২১)।
জানা যায়, গত মঙ্গলবার মদন মোহন কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ভিপি প্রার্থী কলেজ ছাত্রদল নেতা মুহিবুর রহমান অপুর সমর্থনে কলেজ ক্যাম্পাসের সামনে মিছিল দিচ্ছিল ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীরা। এসময় আরেক ভিপি প্রার্থী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরীর সমর্থনে অপর পাশ থেকে আরেকটি মিছিল আসে। তখনই দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় কলেজে ছাত্রলীগের নেতাকর্মীরা কয়েক রাউন্ড গুলি চালায় ও দেশী অস্ত্র শস্ত্র দিয়ে হামলা করে।
ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র কিবরিয়া হোসাইন। তাকে আহত অবস্থায় উদ্ধার করে সিলেট এম.এ.জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে দুদিন পর চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরন করেন।
এ ব্যাপারে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জানান, কিবরিয়া হোসাইন হত্যার ঘটনায় রাহাত চৌধুরী বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামীরা হলেন, মুহিবুর রহমান অপু,মোক্তার আহমদ,জহিরুল ইসলাম,মোঃ আব্দুর রহমান শাহিন,হোসেন আহমদ সহ অজ্ঞাতনামা ১০-১৫ জন। তাদেরকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



