সিলেট এমসি কলেজ হোস্টেল থেকে স্মৃতি রানী দাস নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৫ মে) দুপুরে হোস্টেলের চার তলার ৪০৩ নং কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থা থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত স্মৃতি রানী দাস (২০) এমসি কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থী এবং কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামের যুগল কিশোর দাস ও শংকরী দাস দম্পতির মেয়ে।
শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আনিসুর রহমান বলেন, হোস্টেলের ৪র্থ তলার ৪০৩ নং কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে নাইলনের রশি দ্বারা ঝুলন্ত অবস্থায় ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। স্মৃতি রানী দাস হোস্টেলের ৩য় তলার ৩০৭ নং কক্ষে থাকতেন। ধারণা করা হচ্ছে, রাত ২টা থেকে ভোর ৫টার মধ্যে যেকোনো সময় এ ঘটনা ঘটতে পারে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যাই মনে হচ্ছে। তবে মানসিক বিকারগ্রস্থতা থেকে নাকি অন্য কোনো কারণে ওই ছাত্রী আত্মহত্যা করেছে, তার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
তিনি বলেন, আমরা হোস্টেল সুপারের সঙ্গে কথা বলেছি। তিনি রাত ২টা পর্যন্ত জেগে ছিলেন। ঘটনা ঘটলে এর পরে যেকোনো সময় ঘটতে পারে। ওই ছাত্রীর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তাদের সঙ্গে কথা বলার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে এমসি কলেজের অধ্যক্ষ সালেহ আহমদ, উপাধ্যক্ষ প্রফেসর পান্না রানী রায় এবং হোস্টেল সুপার প্রফেসর জ্যোসনা বেগমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভি করেননি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



