ঢাকা প্রিমিয়ার লিগে অতিমানবীয় পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করেছিলেন এনামুল হক বিজয়। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে রানের বিশ্বরেকর্ড গড়েছিলেন এই ক্রিকেটার। ব্যাট হাতে সব সমালোচনার জবাব দিয়ে নজর কেড়েছিলেন নির্বাচকদের। পারফরম্যান্সের পুরস্কার হিসেবে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। ওয়ানডে ও টি টোয়েন্টি ফরম্যাটের দলে আছেন এ উইকেটকিপার ব্যাটার। দীর্ঘ তিন বছর পর দলে ফিরলেন এ ক্রিকেটার।
২০১৯ সালের জুলাইয়ের পর আবার দলে ফিরলেন এনামুল হক বিজয়। জুনে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে টাইগাররা যাবে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সেই সফরের টি টোয়েন্টি ও ওডিআই ফরম্যাটের দলে আছেন বিজয়। প্রায় তিন বছর পর দলে ফিরলেন তিনি। এর আগে শ্রীলঙ্কার মাটিতে তাদের বিপক্ষেই সর্বশেষ ম্যাচ খেলেছিলেন তিনি।
জাতীয় দলের ফেরাটা একটা সময় অলিক স্বপ্ন মনে হতো ওপেনার এনামুল হক বিজয়ের। তবে সেই অসাধ্যকে সাধন করেছেন ডানহাতি এ ব্যাটার। ডিপিএলের দুর্দান্ত পারফরম্যান্স তাকে খুলে দিল লাল সবুজের দুয়ার।
অসীম সম্ভাবনা নিয়ে ২০১৩ সালে সাদা পোশাকে লঙ্কানদের বিপক্ষে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন এনামুল হক বিজয়। এরপর টেস্টে ৪ ম্যাচে নামের সুবিচার না করতে পারলেও রঙিন পোশাকে তার শুরুটা ছিল উজ্জ্বল। ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পান সেঞ্চুরির দেখা। এরপর আরও দুটি সেঞ্চুরি আসে তার ব্যাটে। ৩৮ ম্যাচে ৩০ গড়ে করেছেন হাজারের উপর রান। ২০১৯ সালে দল থেকে বাদ পড়েন এ ক্রিকেটার।
এরপর সময় যত গড়িয়েছে জাতীয় দলে ফেরা তার জন্য কঠিন থেকে কঠিনতর হয়েছে। তবে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বাংলাদেশ দলে। জাতীয় দল থেকে বাদ পড়েও যে ফিরে আসা যায়। পারফরম্যান্স কখনো কাউকে খালি হাতে ফেরায় না, সে প্রমাণ এরই মধ্যে রেখেছেন তাসকিন আহমেদ। প্রমাণ রাখলেন এনামুল বিজয়।
এবারের ডিপিএলে করেছেন প্রথম শ্রেণির ক্রিকেটে বিশ্বের সর্বোচ্চ ১১৩৮ রান। যা দুয়ার খুলে দিয়েছে এ ডানহাতিকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুযোগ পেলেন ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে। তার এ ফেরা অনুপ্রেরণা হতে পারে অন্যদের জন্যও।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



