সিলেটে পাথরবাহি ট্রাকের ধাক্কায় ফয়জুর রহমান (২২) নামে এক মোটরসাইকেল আরোহি যুবকের মৃত্যু হয়েছে। তিনি পেশায় ব্যবসায়ী।
রোববার (১৫ মে) রাত সাড়ে ১০টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের আখালিয়া আনসার ভিডিপি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফয়জুর রহমান সিলেট সদর উপজেলার সোনাতলা সাদিপুর গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে।
নিহতের ভগ্নিপতি আব্দুর রহিম পরিচয় নিশ্চিত করে বলেন, তার শ্যালক নগরের আম্বরখানা শামস সুপার মার্কেটে কুতুব বস্ত্র বিতান নামে কাপড়ের দোকানী। ঘটনার সময় তিনি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জাফলং থেকে ছেড়ে আসা পাথরবাহি একটি ট্রাক (ঢাকা মেট্টো ট-২০-০৩৬৮) ঘটনাস্থলে পৌছামাত্র পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকের নীচে পিষ্ট হয়ে ঘটনাস্থলে ওই যুবক মারা যান।
ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে এবং ট্রাকের চালককে আটকের পর গাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে এসএমপির জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে এবং ট্রাক চালককে নিজেদের হেফাজতে নেয়।
এদিকে, দুর্ঘটনার পর বিক্ষোব্ধ জনতা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। পুলিশ অবরোধ তুলে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
এ বিষয়ে এসএমপির জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনার পর পরই চালককে জনতা আটক করলে পরে পুলিশ হেফাজতে আনা হয়। এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেছেন। তাদের বুঝিয়ে অবরোধ সরানোর চেষ্টা চলছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



