ইউক্রেনে সামরিক অভিযান প্রসঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ১৯৪৫ সালের মতো এবারও জয় আমাদেরই হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পরাজয়ের ৭৭তম বার্ষিকী উপলক্ষ্যে সাবেক সোভিয়েত ইউনিয়নকে অভিনন্দন জানিয়ে রোববার (৮ মে) এ প্রত্যয় ব্যক্ত করেন পুতিন।
সামরিক অভিযানের জন্য গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা পাঠানো রুশ প্রেসিডেন্ট বলেন, আজ আমাদের সেনারা তাদের পূর্বপুরুষদের মতোই নিজ জন্মভূমিকে নাৎসিদের কলুষ থেকে মুক্ত করার জন্য লড়াই করছে এই আত্মবিশ্বাস নিয়ে যে, ১৯৪৫ সালের মতো বিজয় আমাদেরই হবে। খবর এনডিটিভির।
পুতিন আরও বলেন, বিভিন্ন দেশের জনগণকে কষ্ট দেওয়া এই নাৎসিবাদের পুনর্জন্ম রোধ করা আমাদের কর্তব্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যারা পরাজিত হয়েছিল তাদের আদর্শিক উত্তরসূরিদের ঠেকানো আমাদের দায়িত্ব।
সোমবার (৯ মে) আনুষ্ঠানিকভাবে একটি বিশাল সামরিক কুচকাওয়াজের মধ্যদিয়ে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়কে স্মরণ করবে মস্কো। বিশ্লেষকদের মতে, রাশিয়ার প্যারেড ইউক্রেন যুদ্ধে উল্লেখযোগ্য পরিণতি নিয়ে আসতে পারে।
এদিকে ইউক্রেনের বিরুদ্ধে এবার আনুষ্ঠানিকভাবে ‘যুদ্ধ’ ঘোষণা করতে পারেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবারই (৯ মে) এ ঘোষণা আসতে পারে বলে মনে করছেন মার্কিন ও পশ্চিমা কর্মকর্তারা। চলমান যুদ্ধকে এখন পর্যন্ত ‘বিশেষ সামরিক অভিযান’ বলে আসছে মস্কো।
পশ্চিমা কর্মকর্তাদের বরাতে সিএনএন বলছে, আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করা হলে ইউক্রেনে নিজেদের রিজার্ভ বাহিনীকে পুরোপুরি মোতায়েনের সুযোগ পাবে মস্কো।
ব্রিটিশ প্রতিরক্ষা সচিব বেন ওয়ালেস সম্প্রতি এলবিসি রেডিওকে বলেন, আমি মনে করি পুতিন তার ‘বিশেষ অভিযান’ থেকে সরে এসে মে মাসেই ইউক্রেনের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করতে পারেন।
যদিও ৯ মে রাশিয়ার বিজয় দিবস উদ্যাপন ইউক্রেনে মস্কোর সামরিক অভিযানের গতির ওপর কোনো প্রভাব ফেলবে না বলে জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।
তিনি বলেন, আমাদের (রুশ) সামরিক বাহিনী বিজয় দিবসসহ কোনো তারিখেই তাদের কর্মকাণ্ডে পরিবর্তন আনবে না। ইউক্রেনে অভিযানের গতি নির্ভর করবে বেসামরিক লোক এবং রাশিয়ার সেনাদের জন্য কোনো ঝুঁকি কমানোর প্রয়োজনের ওপর।
রাশিয়া সাধারণত মস্কোতে একটি বৃহৎ সামরিক কুচকাওয়াজ এবং ইউরোপে ফ্যাসিবাদের পরাজয়ে দেশটির অগ্রণী ভূমিকাকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তৃতা দিয়ে বিজয় দিবসের আয়োজনের সূচনা করে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



