বরগুনায় ১৫ বছরের সংসার ও দুই সন্তান রেখে টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পরকীয়া প্রেমিকের সঙ্গে উধাও হয়ে গেছেন এক গৃহবধূ। বুধবার সন্ধ্যায় বরগুনা পৌর শহরের পশ্চিম বরগুনা সোনিয়া সিনেমা হল এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় বৃহস্পতিবার বরগুনা থানায় সাধারণ ডায়েরি করেছেন গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম। তিনি একই উপজেলার ঢলুয়া ইউনিয়নের বাসিন্দা ও বরগুনা বাজারের একজন পোশাক ব্যবসায়ী।
সাইফুল ইসলাম জানান, ১৫ বছর আগে তাদের বিয়ে হয়েছে। তাদের দুটি সন্তান রয়েছে। সন্তানরা ঈদে নানার বাড়ি বেড়াতে যাওয়ায় পশ্চিম বরগুনার ভাড়া বাসায় তারা স্বামী-স্ত্রী দুইজন ছিলেন। ঈদে দোকানে যা বিক্রি হয়েছে সব টাকা স্ত্রীর কাছে রেখে প্রতিদিনের মতো বুধবার বিকালে বরগুনা মিজান টাওয়ারের কাপড়ের দোকানে যান। রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফিরে ঘর তালাবন্ধ দেখে স্ত্রীকে খুঁজতে থাকেন।
খোঁজাখুঁজির একপর্যায়ে প্রতিবেশীরা জানান, সন্ধ্যার দিকে তার স্ত্রী ঘরে তালা দিয়ে বের হয়েছেন। এরপর আর ফিরে আসেননি। সঙ্গে সঙ্গে শ্বশুরবাড়িসহ আত্মীয়ের সঙ্গে যোগাযোগ করেও তার স্ত্রীর সন্ধান না পেয়ে বৃহস্পতিবার দুপুরে বরগুনা থানায় জিডি করেন তিনি।
সাইফুলের অভিযোগ, তার স্ত্রী মোবাইল ফোনে অচেনা যুবকের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে যায়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটিও হয়েছে অনেকবার। উভয়ের পরিবার থেকে বিষয়টি মিটিয়ে দেওয়ার পরও পরকীয়া প্রেমিকের কাছে সাড়ে ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও সাড়ে ৩ লাখ নগদ টাকা নিয়ে পালিয়েছেন স্ত্রী।
ওই গৃহবধূর বাবা বলেন, সাইফুলের অভিযোগ সঠিক নয়। আমার ধারণা স্বামী-স্ত্রীর মধ্য ঝগড়াঝাটি হয়েছে। এ কারণে রাগ করে হয়ত বা কোথাও গিয়েছে। আমরা খোঁজাখুঁজি করছি। সন্ধান পাওয়া যাবে।
বরগুনা সদর থানার ওসি আলী আহমেদ জানান, স্ত্রী নিখোঁজ হওয়ায় থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন সাইফুল ইসলাম নামের এক ব্যবসায়ী। পুলিশ নিখোঁজ নারীর সন্ধানে কাজ করছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



