সব জেলা নিয়ে মাঠে গড়িয়েছিল ৪০তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ।বুধবার (২৭ এপ্রিল) লড়াই শেষে চ্যাম্পিয়নশিপে ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা।
এবারের ফাইনালে রাজশাহী জেলাকে ২ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা। এদিন কক্সবাজার একাডেমি মাঠে আগে ব্যাট করে রাজশাহী ৯ উইকেট হারিয়ে ২৭০ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস খেলেন ঘরোয়া ক্রিকেটের নিয়মিত পারফর্মার অভিষেক মিত্র। ১০৭ বলে ৪ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান এই ব্যাটার।
সিলেটের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩ উইকেট নেন সাদিকুর রহমান। এছাড়া আবিদুল হক পেয়েছেন ২ উইকেট।
২৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯৫ রানে ৬ উইকেট হারায় সিলেট। বিপর্যয়ের মুখে সপ্তম উইকেটে দারুণ জুটি গড়েন আবু বক্কর ও সাদিকুর রহমান। তাদের ৯৮ রানের জুটিতে জয়ের পথ তৈরি হয়। সাদিকুর ৩৭ রানে আউট হলেও আবু বক্কর সেঞ্চুরির পথে হাঁটছিলেন। তবে দলের জয় নিশ্চিত হয়ে যাওয়ায় ৯৭ রানে অপরাজিত থেকে সন্তুষ্ট থাকতে হয় আবু বক্করকে। ৭৯ বলের ইনিংসটি তিনি সাজিয়েছেন ৮ চার ও ৩ ছক্কায়।
তার সঙ্গে মাহবুব হাসানের অপরাজিত ৩৯ রানে ভর করে ৭ বল আগে ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে সিলেট।
খেলায় ম্যাচসেরা হন সিলেট দলের তরুণ ক্রিকেটার আবু বক্কর। আর টুর্নামেন্টে দুর্দান্ত খেলে আসর সেরা হন সিলেট দলের আসাদুল্লাহ গালিব।
এই খেলার মাধ্যমে দীর্ঘ ২৮ বছর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট জেলা দল। এরআগে ১৯৯৪-৯৫ এ জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতেছিল সিলেট জেলা দল। তবে সেসময় সিলেট দলের হয়ে খেলেছিলেন জাতীয় দলের তারকা খেলোয়াড়েরা।
এবার শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দল গড়ে শিরোপা জিতল সিলেট। ২৭১ রানের বড় টার্গেটে ব্যাট করতে নামা সিলেট ইনিংস সমাপ্তির ৭ বল আগেই ৮ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ফেলে।
সিলেট জেলা দলের ম্যানেজার জামিল আহমদ দুলাল বলেন, ২৮ বছর পর জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া সত্যিই আমাদের জন্য গৌরবের। স্থানীয় খেলোয়াড়দের নিয়ে দল গঠন করে আমরা শিরোপা জিততে পেরে আমরা খুবই আনন্দিত।
এদিকে, সিলেট জেলা দল বিজয়ী হয়ে গৌরব বয়ে আনায় অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্য নির্বাহী সদস্য, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট মাহি উদ্দিন আহমদ সেলিম।
তিনি এক অভিনন্দন বার্তা সিলেট জেলা ক্রিকেট দল ৪০ তম চ্যাম্পিয়ন লীগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় খেলোয়াড়, কোচ ও সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



