এ,এস,এ আল মামুন:: আমাদের বাঙালি সমাজে ঋতুরাজ বসন্ত আসে নানারকমের রংবেরং ছড়িয়ে। প্রকৃতি খুলে দেয় তার দক্ষিণা দুয়ার সেই সাথে বইছে ফাগুনের হাওয়া। বসন্তের আগমনে কোকিল গায় গান । গাছে গাছে ফুটে নানারকমের ফুলের মেলা। আজ পহেলা ফাল্গুন , আর এই ফাল্গুনের হাত ধরেই তো ঋতুরাজ বসন্তের আগমন।
বসন্তের রূপে দেওয়ানা হয়ে সাহিত্যিকরা রচনা করেছেন নানারকমের ছন্দ।
– ‘বসন্ত আজ আসলো ধরায়,ফুল ফুটেছে বনে বনে, শীতের হাওয়া পালিয়ে বেড়ায় ফাল্গুনী মোর মন বনে’- এ রকম অনেক চরণ রচিত হয়েছে বসন্তকে নিয়ে।
নানাবিধ কারণে বর্তমানে পরিবর্তন এসেছে প্রকৃতিতে। কোনো ঋতুই এখন আর আগের মত নিজ নিজ বৈশিষ্ট্যি বহন করে না। শীতকালে শীতের দেখা নেই। বর্ষায় বৃষ্টি মেলে না। এসব দেখেই হয়তো কবি চরণ লিখেছেন এভাবে ‘ফুল ফুটক আর না-ই ফুটক আজ বসন্ত ।
প্রতিবছর পহেলা ফাল্গুন উদ্যাপন হতো ঝাকঝমক ভাবে। কিন্তু করোনা মহামারির কারণে ,গত পহেলা বৈশাখ ও পহেলা ফাল্গুন উদ্যাপন কেবল মনের মধ্যেই সীমাবদ্ধ ছিল, শুভেচ্ছার পরিধি ছিল অনলাইন ও এসএমএস পর্যন্তই। সামাজিক দূরত্ব বজায় রেখে আর বেশি কিছু সম্ভব ছিল না। প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো আমরা করোনার সংক্রমণ থেকে পুরোপুরি মুক্ত হতে পারিনি। তাই পহেলা ফাল্গুন উদ্যাপনের ক্ষেত্রেও ব্যতিক্রম কিছু হবে না।
তারপরও বাংলায় বসন্তের আগমনে ভরে যায় হৃদয় । বসন্তকাল বাংলাদেশের প্রকৃতিতে রমণীয় শোভা বিস্তার করে আবির্ভূত হয়। এ ঋতুতে প্রাকৃতিক সৌন্দর্য বড়ই চমৎকার হয়ে ওঠে। তরুলতাসমূহ নতুন পত্রপুষ্পে সুশোভিত হয়। ফাগুনের প্রথম দিনে পোশাক আর অনুষ্ঠানে রঙের প্রাধান্য লক্ষণীয়। বিশেষ করে কিশোর-কিশোরী আর তরুণ-তরুণীদের মাঝে পহেলা বসন্ত এক অন্যরকম দিন। তরুণীদের পরনে শোভা পায় বাসন্তী রঙের শাড়ি, খোঁপায় গাদা ফুল। শিশু কিংবা বয়োবৃদ্ধদের বসনেও বসন্তের ছোঁয়া। কবির ভাষায় ‘ফাগুনের রঙে রেঙেছো তুমি, না বলা কথা আজ বলবো আমিঃ হৃদয়ের ডাক শুনবে কি তুমি?’ অথবা ‘ মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে। মধুর মলয়-সমীরে মধুর মিলন রটাতে।’
প্রাচীন আমল থেকেই বাংলার এই অঞ্চলে বসন্ত উৎসব পালিত হচ্ছে। এই বিষয়ে ইতিহাসবিদ ও গবেষকগণের মতামত এই যে- ভারতবর্ষে বসন্ত উৎসবের ইতিহাস বেশ পুরনো। হিন্দুদের পৌরাণিক উপাখ্যান ও লোককথাগুলোতেও এই উৎসবের উল্লেখ পাওয়া যায়। হিন্দু বৈষ্ণবরা এ উৎসব বেশ আয়োজন করে পালন করে থাকেন। আর এই উৎসব বিভিন্ন নামে পরিচিত। যেমন- দোল, দোলপূর্ণিমা, হোলি। বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী, ফাল্গুনি পূর্ণিমা বা দোলপূর্ণিমার দিন বৃন্দাবনে শ্রীকৃষ্ণ আবির ও গুলাল নিয়ে রাধিকা ও অন্যান্য গোপীদের সঙ্গে রং খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি হয়। অবশ্য শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্ত উৎসব পালনের রীতি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই চলে আসছে।
মোগল সম্রাট আকবর বাংলা নববর্ষ গণনা শুরু করেন। নতুন বছরকে ঘিরে ১৪টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এরমধ্যে অন্যতম হচ্ছে বসন্ত উৎসব। তখন অবশ্য উৎসবের ধরণ এ রকম ছিলনা।
বঙ্গাব্দ ১৪০১ সাল থেকে প্রথম ‘বসন্ত উৎসব উদযাপন করার রীতি চালু হয়। সেই থেকে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ বসন্ত উৎসব আয়োজন করে আসছে। এছাড়া তরুণ-তরুণীরা বাংলা একাডেমি আয়োজিত একুশের বইমেলা, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, শাহবাগ, চারুকলা চত্বর, পাবলিক লাইব্রেরি, সোহরাওয়ার্দী উদ্যান, ধানমন্ডি লেক, বলধা গার্ডেন মাতিয়ে রাখবেন সারাদিন। আজ দিনভর চলবে তাদের বসন্তের উচ্ছ্বাস প্রকাশ।
প্রকৃতি তার রঙ বদলাবে। বিদায় নেবে বসন্ত। খুব দ্রুতই যেন চলে যায় এ রাজঋতুটি। গর্জে ওঠে প্রকৃতি, বর্ষে বারিধারা। তাই কবিরও আক্ষেপ- ‘কেন রে এতই যাবার ত্বরা-বসন্ত, তোর হয়েছে কি ভোর গানের ভরা।’
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



