কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি শাখা আওয়ামী লীগের সভাপতি ইয়াবা-মাদকসহ বিভিন্ন মামলার আসামী তোতা মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা পরিবারের স্বজনদের বাড়ি-ঘরে হামলা-ভাংচুর ও কয়েকজনকে আহতের ঘটনায় এজাহারনামীয় ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার দিবাগত রাতে কানাইঘাট থানা পুলিশ সিলেট শহরতলীর বটেশ্বর এলাকায় তোতা মিয়ার ভাই জাকারিয়ার মালিকানাধীন বাসায় অভিযান চালিয়ে তার ভাই মোহাম্মদ আলী, মানিক মিয়া ও ভাগ্না ফারুক আহমদকে গ্রেফতার করে। ধৃত আসামীদের শুক্রবার আদালতে সোপর্দ করা হয়।
এদিকে তোতা মিয়ার নেতৃত্বে মুক্তিযোদ্ধা পরিবারের স্বজনদের বাড়ি-ঘরে হামলা, মারপিটের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হওয়ার পর বিষয়টি সিলেটের আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে হামলার ঘটনার মূল হুতা তোতা মিয়াকে গ্রেফতার করার জন্য কানাইঘাট থানা পুলিশের পাশাপাশি র্যাব-৯ ও সিলেটের ডিবি পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছে। তবে এখন পর্যন্ত তোতাকে গ্রেফতার করতে পারেনি তারা।
এদিকে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে সরকারের ভাবমুর্তি ক্ষুন্ন করে সুরইঘাট সীমান্ত এলাকায় বেপরোয়া চোরাচালানের গডফাদার মাদক ও ইয়াবাসহ কয়েকটি মামলার আসামী এবং সংখ্যালঘু পরিবার থেকে অনেকের জমি জবর দখলকারী বিভিন্ন ধরনের সন্ত্রাসী ও অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত তোতাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার দাবী জোরালো হচ্ছে।
নেতাকর্মীরা জেলা ও কানাইঘাট উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের কাছে এলাকায় আওয়ামী লীগের ভাবমুর্তি ফিরিয়ে আনতে তোতাকে বহিষ্কারের জোর দাবী জানিয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী থেকে শুরু করে সবাই মুক্তিযোদ্ধার স্বজনদের উপর হামলার পর থেকে তোতাকে দল থেকে বহিষ্কার করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সোচ্চার হয়ে উঠেছেন।
অপরদিকে বীরমুক্তিযোদ্ধাদের নিয়ে কটুক্তি মূলক মন্তব্য সহ বীরমুক্তিযোদ্ধা আব্দুর রব ও তার স্ত্রীকে তোতা মিয়া গং কর্তৃক মারপিট ও নির্যাতনের ঘটনায় জীবনের নিরাপত্তার চেয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে অভিযোগ দায়েরের পাশাপাশি তোতাকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করার জন্য উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের বরাবরে দরখাস্ত দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত যে, গত বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে তোতা মিয়ার নেতৃত্বে তার ভাই-ভাতিজা ও পরিবারের সদস্যরা বীরমুক্তিযোদ্ধা আব্দুর রবের শ^শুড় বাড়িতে হামলা চালিয়ে তাকে ও তার স্ত্রী এবং পরিবারের জন্যদের মারপিট করে আহত করে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



