হবিগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেলা হাসপাতাল। দুই হাজার ৬৩৬ দশমিক ৫৮ বর্গকিলোমিটার আয়াতনের হবিগঞ্জে জেলার প্রায় ২১ লাখ মানুষের চিকিৎসার শেষ আশ্রয়স্থল এটি। এ হাসপাতালের অধীনেই আছে জেলার একমাত্র লাশ কাঁটা ঘর বা মর্গ।
প্রতিদিনই জেলার ৯টি উপজেলার কোনো না কোনো এলাকা থেকে এ মর্গে ময়নাতদন্তের জন্য আসে এক অথবা একাধিক মরদেহ।মূলত এরপরই শুরু হয় বিড়ম্বনা।
আধুনিক হাসপাতালের মর্গে আধুনিকতার ছিটেফোঁটাও নেই। ফ্যান, বাতি, ফ্রিজিং ব্যবস্থার পাশাপাশি মরদেহ কাটাছেঁড়া করার অত্যাধুনিক যন্ত্রপাতিও নেই। সেই পুরোনো ভোঁতা ছুরি-চাকু দিয়েই চলছে ময়নাতদন্তের কাজ। ফলে আলামত নষ্ট হচ্ছে মরদেহের।
সরেজমিনে দেখা গেছে, ফ্রিজিংসহ আধুনিক সুযোগ-সুবিধা না থাকায় মরদেহ মর্গে একদিন পড়ে থাকলেই দুর্গন্ধ ছড়ায়। দূষিত হয় এলাকার পরিবেশ। ফলে মরদেহের আলামত নষ্টের শঙ্কা দেখা দেয়।
খোঁজ নিয়ে জানা গেছে, বিকেল ৪টার পর কোনো মরদেহ আসলে ময়না তদন্ত হয়না পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে। বন্ধ থাকে কাটাছেঁড়া। ফলে বাধ্য হয়েই কোনো কোনো মরদেহ দুইদিনও ফেলে রাখা হয়।
মর্গের প্রধান ডোম ছাবু মিয়া ও তার সহযোগী তাজুল ইসলাম মারা যাওয়ার পর থেকেই ডোমশূন্য হয়ে পড়ে মর্গটি। যদিও ছাবু মিয়ার ছেলে জিতু মিয়া ও তার সহযোগী রিপন মিয়াকে দিয়ে কোনো মতে কাজ চালিয়ে নেওয়া হচ্ছে।
দিনের পর দিন কাজ করলেও সরকারি সুযোগ-সুবিধা পাচ্ছেন না তারা। লাশ কাটার পর স্বজনদের কাছ থেকে ৫০০-১০০০ টাকা পেলে তা দিয়েই তাদের সংসার চালাতে হচ্ছে। এ অবস্থায় মর্গের সঙ্গে তাদেরও মানবেতর জীবনযাপন।
ডোম জিতু মিয়া বলেন, বাবা মারা যাওয়ার পর থেকে আমিই এখানে কাজ করছি। কিন্তু বছরের পর বছর ধরে আমাদের বেতন-ভাতা দেওয়া হয় না। এ কারণে লাশের সঙ্গে আসা স্বজনরা যা দেয় তাই দিয়ে সংসার চালাতে হয়।
তিনি আরো বলেন, বর্তমানে সব কিছু উন্নত হচ্ছে। কিন্তু এ মর্গের দিকে নজর নেই কারো। ফ্যান, চাকু, বাতির স্বল্পতার পাশাপাশি নেই পানি সরবরাহের ব্যবস্থা। বিশেষ করে ফ্রিজিং ব্যবস্থা না থাকায় ২-৩ দিন মরদেহ রাখা হলেই বাতাসে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। মর্গটির দিকে কর্তাব্যক্তিদের বিশেষ নজর দেওয়া প্রয়োজন।
হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. মমিন উদ্দিন অকপটে স্বীকার করেন সব সমস্যা কথা।
তিনি বলেন, আমাদের মর্গের আধুনিক যন্ত্রপাতি, সুযোগ সুবিধা নেই। ফ্রিজিংসহ সব সমস্যার কথা ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানানো হয়েছে।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



