সিলেটে কনস্টেবল নিয়োগ:
মেধা-যোগ্যতার ভিত্তিতে কোনো ধরণের সুপারিশ ছাড়াই ১৩০ টাকায় সিলেটে পুলিশের চাকরী পেলেন ৯৫ জন ছেলে-মেয়ে।
শনিবার (৯ এপ্রিল) রাতে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, চাকরী প্রাপ্তদের ১৫ জন পিতৃহীন দরিদ্র পরিবারের সন্তান, ৪২ জন প্রার্থীর পিতা দরিদ্র কৃষক এবং ৭৫ জন প্রার্থী তাদের পরিবারের প্রথম সরকারি চাকরিজীবী।
সিলেট জেলা পুলিশ সূত্র জানায়, ‘চাকরী নয় সেবা ’ এ স্লোগানে গত ২০ থেকে ২২ মার্চ ৩ দিন ব্যাপী সিলেট জেলা পুলিশ লাইন্সে ট্রেইনি রিক্রট কনস্টেবল (টিআরসি) পুরুষ/নারী পদে নিয়োগের জন্য শারিরীকভাবে যোগ্য প্রার্থী বাছাই করা হয়।

এরআগে অনলাইনে আবেদনের প্রেক্ষিতে ২ হাজার ৮৪৮ প্রার্থীকে প্রাথমিকভাবে নির্বাচিত করে ফিজিক্যাল এন্ডোরেন্স টেস্টের জন্য মাঠে আহ্বান করা হয়। আবেদনকারীদের মধ্যে ২ হাজার ১৬২ জন চাকুরী প্রত্যাশী মাঠে উপস্থিত থেকে নিজেদের শারিরিক সক্ষমতার পরিচয় দেন। ৩ দিনের শারিরিক সক্ষমতা যাচাই প্রক্রিয়ায় ৬৭৩ জন যোগ্য বিবেচিত হন।
শারিরীকভাবে যোগ্য প্রার্থীদের গত ২৯ মার্চ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী ৬৬৬ জন প্রার্থীর মধ্য থেকে শনিবার (৯ এপ্রিল) রাতে ঘোষিত ফলাফলে ১৫৫ জন প্রার্থী উত্তীর্ণ হন। একই দিনে উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগ কমিটি কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ শেষে ৯৫ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। নির্বাচিত প্রার্থীদের মধ্যে ৮৪ জন পুরুষ এবং ১১ জন নারী প্রার্থী রয়েছেন।
প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সাক্ষাতকারে জানা যায়, ১৫ জন পিতৃহীন দরিদ্র পরিবারের সন্তান, ৪২ জন প্রার্থীর পিতা দরিদ্র কৃষক এবং ৭৫ জন প্রার্থী তাদের পরিবারের প্রথম সরকারি চাকুরিজীবী।

নিয়োগ কমিটির প্রধান সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, ‘পুলিশ মহা পরিদর্শকের (আইজিপি)নির্দেশনায় সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। নিয়োগ প্রাপ্তরা আগামীতে দেশ সেবায় ও কর্ম ক্ষেত্রে নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দেবেন, এমনটি আশাবাদি তিনি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



