সিলেটের ব্যস্ততম ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনের সড়কে নাজিম উদ্দিন (১৯) নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়েছে।
শনিবার (০৯ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩নং ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
নিহত নাজিম উদ্দিন সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বাদশাগঞ্জের নুর মিয়ার ছেলে এবং নগরের দরগাহ মহল্লা-৭৪ মুফতি সিরাজ উদ্দিনের বাসা সংলগ্ন এলাকায় থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩নং ফটকের সামনে কয়েক যুবকের মধ্যে কথাকাটাকাটি ও মারামারি হয়। এসময় অজ্ঞাত ৯ জন যুবক নাজিমকে ঘিরে মারধর করে। এমন সময় ৩ যুবক তার বুকের বাম পাশ,উরুসহ শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে।
তাকে উদ্ধার করে তাৎক্ষনিক ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসএমপি পুলিশের উপ কমিশনার (ডিসি) আজবাহার আলী শেখ বলেন, ৯ জন যুবক মিলে নাজিমকে হত্যা করে। এরমধ্যে ৩ জনে ছুরিকাঘাত করে। এ ঘটনায় আমরা একজনকে আটক করতে সক্ষম হয়েছি।

এসএমপির কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ বলেন, কি কারণে তাকে খুন করা হয়েছে, জানতে আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
এদিকে, নিহত নাজিমকে রাজনৈতিক পরিচয় দিয়ে একটি পক্ষ জল ঘোলা করার চেষ্টা করছে। তবে সে ছাত্রলীগের কোনো ইউনিটের কর্মী নয় নিশ্চিত করেছেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহেল সিরাজ।
তিনি বলেন, নিহত যুবক একটি রেস্তোরায় কাজ করতো জানতে পেরেছেন। তার সমমনা যুবকরা কথাকাটাকাটির জের ধরে তাকে ছুরিকাঘাত করে খুন করে।
ওপরদিকে, স্থানীয় একাধিক সূত্র জানায়, নিহত যুবককে যারা খুন করেছে, তারা টোকাই প্রকৃতির। তারা বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিকের কাজ করে। এর পেছনে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নয়, অন্য কোনো ইস্যু রয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



