সিলেট নগরের ছড়ারপার ও মাছিমপুরে এলাকাবাসীর সংঘর্ষে পক্ষে-বিপক্ষে মামলা না হলেও পুলিশ বাদি হয়ে অ্যাসল্ট মামলা দায়ের করেছে।
বৃহস্পতিবার(০৮ এপ্রিল) কোতোয়ালি মডেল থানার বন্দরবাজার ফাঁড়ির ইনচার্জ (এসআই) সাজেদুল করিম বাদি হয়ে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করে এ মামলাটি দায়ের করেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী মাহমুদ এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকারি কাজে বাধা দান ও পুলিশ আহতের ঘটনায় মামলাটি দায়ের করা হয়েছে।মামলায় এজাহারে কারো নাম উল্লেখ করা হয়নি।তবে অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে, সংঘর্ষের ঘটনায় সমঝোতার উদ্যোগ নিয়ে নগর ভবনে বৈঠকের আহ্বান করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় অনুষ্ঠিত বৈঠকে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, সংশ্লিষ্ট এলাকার দুই কাউন্সিলরসহ উভয় এলাকার লোকজন উপস্থিত ছিলেন। বৈঠকে কোনো সুরাহা না টেনে আরো সময় নেওয়া হয়েছে। ঘটনার মিমাংসায় উভয় পক্ষে ৫ জন করে প্রতিনিধি দেওয়া হয়েছে।
বৈঠক শেষে মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনাকালে সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের বাসায় হামলা চালানোর ঘটনায় আমরা উভয়পক্ষের লোকজনের প্রতি নিন্দা জানিয়েছি।ঘটনার জন্য যারা দায়ি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি নিস্পত্তির লক্ষ্যে ৫ জন করে কমিটি করে দেওয়া হয়েছে।
বৈঠক শেষে নেতৃবৃন্দ বলেন, যারা হামলার ঘটনা ঘটিয়েছেন। প্রয়োজনে তাদের আইনের আওতায় আনা হবে। বিচার নিস্পত্তির আগ পর্যন্ত উভয় এলাকার লোকজনকে শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, বুধবার রাতে নগরের ছড়ারপার ও মাছিপুরবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশসহ উভয় পক্ষের অন্তত অর্ধশত লোকজন আহত হয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



