সুনামগঞ্জের হাওরাঞ্চলের বোরো ধান ঝুঁকির মধ্যে রয়েছে। একদিকে পাহাড়ি ঢল নেমে আসছে অন্য দিকে ঝির ঝির বৃষ্টি হচ্ছে। এই অবস্থায় জরুরি বিজ্ঞপ্তি জারি করেছেন সুনামগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. জাহাঙ্গীর হোসেন।
সোমবার (৪ এপ্রিল) ডিসি সুনামগঞ্জ ফেইসবুক আইডি থেকে সন্ধ্যায় জারি করা ওই জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘পাহাড়ি ঢলের কারণে সুনামগঞ্জ জেলার প্রধান নদ-নদীসমূহের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। হাওরের বোরো ফসল রক্ষা বাঁধ আগামী ২৪ ঘণ্টা সার্বক্ষণিক তদারকি করার জন্য সর্বসাধারণকে অনুরোধ করা যাচ্ছে।’
এ ছাড়া, জনসাধারণকে ধান আগাম কেটে ফেলার জন্য বলা হচ্ছে বলেও শোনা গেছে। তবে মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, বোরো ধান কাটার মতো সময় এখনো আসেনি। বোরো ধান কাটার উপযোগী হতে আরও সপ্তাহখানেক সময় লাগবে।
এ বিষয়ে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন বলেন, মানুষকে সচেতন করার জন্য ফেসবুকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। যাতে বাধের কোনো ক্ষয়ক্ষতি দেখা দিলে জনগণ প্রশাসনকে জানায় এবং জনগণের সঙ্গে মিলে কর্মকর্তারা সমন্বিতভাবে কাজ করেন।
সুনামগঞ্জ জেলা কৃষি অফিসের উপ-পরিচালক বিমল চন্দ্র সোম বলেন, হাওরে এবার ২ লাখ ২২ হাজার ৮০৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তবে এখন নদীর পানি বাড়তে শুরু করেছে কিন্তু ধানগুলো এখনও কাটতে সপ্তাহখানেক সময় লাগবে, দোয়া করেন এর আগে যেনো আর বৃষ্টি না আসে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



