আন্তর্জাতিক ফুটবল প্রীতি ম্যাচে গতকাল মাঠে নেমেছিল ইউরোপিয়ান দেশগুলো। এরমধ্যে জয়ের দেখা পেয়েছে জার্মানি, ইংল্যান্ড, নেদারল্যান্ডস ও স্পেন।
ঘরের মাঠে ইজরায়েলের বিপক্ষে ২-০ গোল ব্যবধানে জিতেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। দলটির পক্ষে গোল করেন দুই তরুণ স্ট্রাইকার কাই হাভার্টজ ও টিমো ভেরনার।
ম্যাচে আধিপত্য রেখে খেলেছে জার্মানি। ম্যাচে ৬৯ শতাংশ বল দখলে রেখে মোট ২৩টি আক্রমণ করে হান্সি ফ্লিকের দল। যার মধ্যে ৯টি শট গোলে রাখতে পারে দলটি। প্রথমার্ধের ৩৬তম মিনিটে হাভার্টজ ও ইনজুরি টাইমে ভেরনার দলটির পক্ষে গোল করেন। কোচ হিসেবে যোগ দেওয়ার পর এ নিয়ে টানা আট ম্যাচে জয় পেলেন জার্মান কোচ ফ্লিক।
এদিকে দুর্বল আলবেনিয়ার বিপক্ষে ২-১ গোল ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে স্পেন। ম্যাচে আধিপত্য বজায় রেখে খেললেও খেলার শেষ মিনিটে এসে দানি ওলমোর গোলে জয় পায় স্পেন।
ম্যাচে তিন গোলই হয় শেষ ১৫ মিনিটের মধ্যে। ম্যাচের ৭৫তম মিনিটে স্পেনকে এগিয়ে দেন ফেরান তোরেস। দশ মিনিট পরে ম্যাচে সমতা ফেরান মাইরতো উজুনি। শেষ মিনিটে গোল করে স্পেনের জয় নিশ্চিত করেন ওলমো। ম্যাচটিতে স্পেন ৮২ শতাংশ বল দখলে রাখে।
এদিকে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে সুইজারল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়েছে হ্যারি কেইনের ইংল্যান্ড। ঘরের মাঠে শুরুতে পিছিয়ে যায় ইংলিশরা। ম্যাচের ২২তম মিনিটে গোল হজম করে বসে স্বাগতিকরা। সুইসদের পক্ষে ব্রিল এম্বোলো দলকে এগিয়ে দেন।
প্রথমার্ধের ইনজুরি টাইমে খেলায় সমতায় ফেরান লুক শ। এরপর ম্যাচের ৭৮ তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইংলিশদের জয় নিশ্চিত করেন অধিনায়ক কেইন। এই গোলের মাধ্যমে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় স্যার ববি চার্লটনের পাশে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন কেইন। চার্লটনের সমান ৪৯ গোল করেছেন কেইন। ইংলিশ অধিনায়কের সামনে এখন কেবল ৫৩ গোল করা ওয়েইন রুনি।
প্রীতি ম্যাচের অন্য খেলায় নেদারল্যান্ডস ৪-২ গোলে হারিয়েছে ডেনমার্ককে। এই ম্যাচে নেদারল্যান্ডসের জয়ের চেয়েও বড় আলোচনার বিষয় ছিল ডেনিশ ক্রিশ্চিয়ান এরিকসনের মাঠে ফিরে আসা। ইউরো খেলার সময় হার্ট অ্যাটাক করে মাঠ ছাড়া এরিকসন এদিন মাঠে ফিরেই ২ মিনিটের মাথায় গোল করেছেন।
এই ফুটবলার গোল করলেও তার দল হার এড়াতে পারেননি। ঘরের মাঠে ডাচ ফুটবলাররা গোলের হালি পূর্ণ করেন। ডাচদের পক্ষে গোল করেন স্টিভেন বার্গউইন, নাথান একে এবং মেম্পিস ডেপাই। এরমধ্যে বার্গউইন করেন জোড়া গোল। ডেনিশদের পক্ষে এরিকসন ছাড়া গোল করেন জানিস ভাস্তারগার্ড।
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



