২৬ মার্চ, ১৯৭১। পৃথিবীর মানচিত্রে নাম লেখায় বাংলাদেশ। আজ একান্ন বছর পূর্ণ হলো স্বাধীন বাংলাদেশের। বাংলাদেশ এখন দৃপ্ত পদক্ষেপে চলছে এগিয়ে। আজ মহান স্বাধীনতা আর জাতীয় দিবসে বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেটের সর্বস্তরের মানুষ।
শনিবার (২৬ মার্চ) সকালে স্বাধীনতা দিবসের শুরু হয় এ শ্রদ্ধা নিবেদন। এসময় শহীদদের স্মরণে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল নামে। দেশের জন্য যারা অকাতরে প্রাণ দিয়েছিলেন সেই সব সূর্য সন্তানদের বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে ফুল হাতে হাজারো মানুষ আসেন।
এসময় সর্বস্তরের মানুষের ফুলেল শ্রদ্ধায় বেদি ঢেকে যায় ফুলে ফুলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার। স্বাধীনতা দিবসের দিনে প্রথমে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ নেতৃবৃন্দের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
এরপর পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ও মহানগর ইউনিটের নেতৃবৃন্দ। পরে সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, ডিআইজি সিলেট রেঞ্জ, সিলেট জেলা প্রশাসক (ডিসি), জেলা পরিষদ প্রশাসক, সিলেট সিটি করপোরেশন (সিসিক), সিলেট শিক্ষাবোর্ড চেয়ারম্যান অর্পণ করেন পুষ্পস্তবক।
এছাড়া শহীদ বেদীতে আরও পুষ্পার্ঘ্য অর্পণ করেন- জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, যুবলীগ জেলা ও মহানগর, ছাত্রলীগ, জেলা ও মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল, জেলা ও মহানগর ছাত্রদল, জাসদ, বাসদ, গণতন্ত্রী পার্টি, জনতা পার্টি, মহিলা আওয়ামী লীগ, জেলা ও মহানগর ছাত্রলীগ, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সম্মিলিত সাংস্কৃতিক জোট সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণী পেশার মানুষ।
স্বাধীনতা দিবস উপলক্ষে শহীদ মিনার ও আশপাশের এলাকায় সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ২৫ মার্চ রাত থেকে শহীদ মিনার, চৌহাট্টা ও আশপাশের এলাকায় গড়ে তোলা হয় নিরাপত্তা বলয়। পাশাপাশি র্যাব ও সাদা পোশাকে নিরাপত্তায় নিয়োজিত ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (১১টা ৫৭ মিনিট) শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করছিলেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



