বৃহস্পতিবার (২৪ মার্চ) রাত আনুমানিক ১০টার দিকে শাহজানানপুরের আমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন নিহত টিপুর গাড়ি চালক মনির হোসেন মুন্না (৩০)।
নিহত টিপু মতিঝিল আইডিয়াল স্কুলের গভর্নিং বডির পাঁচবারের সদস্য এবং মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। এক ছেলে ও দুই মেয়ের জনক টিপু। তার স্ত্রী ফারহানা ইসলাম ডলি সংরক্ষিত ১-১১-১২ নম্বর ওয়ার্ডের নারী কাউন্সিলর বলে জানা গেছে।
গুলিবিদ্ধ গাড়িচালক মুন্না বলেন, জাহিদুল ইসলাম টিপুর বাসা শাহজাহানপুর বাগিচা এলাকায়। মতিঝিল এজিবি কলোনি থেকে নিজ প্রাইভেটকারে করে বাগিচার বাসায় যাচ্ছিলেন টিপু। পথে শাজাহানপুর আমতলা মসজিদ এলাকায় পৌছালে দুর্বৃত্তরা গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে। এ সময় তারা (টিপু ও চালক মুন্না) গুলিবিদ্ধ হন।
নিহত প্রীতির বান্ধবী সুমাইয়া বলেন, প্রীতির বাসা শান্তিবাগ মগা হাজীর গলিতে। সুমাইয়ার বাসা তিলপাপাড়ায়। রাতে তারা দু’জন ঘুরতে বের হয়েছিলেন। সুমাইয়া তাকে রেলগেট থেকে রিসিভ করে রিকশায় করে তিলপাড়ায় তার বাসায় নিয়ে যাচ্ছিলেন। পথে আমতলা মসজিদ এলাকায় হঠাৎ কোথা থেকে গুলি এসে প্রীতির শরীরে বিদ্ধ হয়। প্রীতি বেগম বদরুন্নেসা সরকারি কলেজের অনার্সের ছাত্রী ছিলেন বলেও জানান তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, স্থানীয়রা গুলিবিদ্ধ ওই তিন জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জাহিদুল টিপু ও প্রীতিকে মৃত ঘোষণা করেন। মরদেহ দু’টি হাসপাতালটির মর্গে রাখা হয়েছে। আহত মুন্নাকে জরুরি বিভাগে চিকিৎসাধীন।
ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান গুলিতে দু’জন নিহত ও একজন আহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন ।
এদিকে, সিসি ক্যামেরায় দেখা গেছে, এলোপাতাড়ি গুলি করছে হেলমেট পরিহিত এক ব্যক্তি। সেই গুলিতে জাহিদুল ইসলাম টিপু ও রিকশায় থাকা কলেজছাত্রী সামিয়া আফনান প্রীতি নিহত হন।
বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি) মতিঝিল জোনের উপ-কমিশনার (ডিসি) আ. আহাদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে বলেন, রাত সোয়া ১০ থেকে ১০টা ২৫ মিনিটের দিকে মাইক্রোবাসে করে নিজ বাসার দিকে যাচ্ছিলেন মতিঝিল থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম। গাড়ি চালাচ্ছিলেন চালক মুন্না। তিনি যখন খিলগাঁও রেলগেটের একটু আগে উত্তর শাহজাহানপুর পৌঁছানো মাত্রই হেলমেট পরিহিত একজন মোটরসাইকেল আরোহী রাস্তার অপর প্রান্ত থেকে রাস্তার বাম পাশে এসে টিপুর গাড়িকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। এ সময় গাড়ির সামনের দুই সিটে থাকা টিপু ও তার চালক মুন্না গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে টিপুর মৃত্যু হয়।
এছাড়া এলোপাতাড়ি ছোড়া গুলিতে সে সময় প্রীতি নামে রিকশার এক যাত্রী গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ অবস্থায় তাকেও ঢামেক হাসপাতালের চিকিৎসক মৃত ঘোষণা করেন। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের ছাত্রী ছিলেন প্রীতি।
উপ কমিশনার আ. আহাদ আরও বলেন, ঘটনাটি নিয়ে আমরা সবাই কাজ করছি। এই মুহূর্তে আসলে বলা মুশকিল কী কারণে টিপুকে হত্যা করা হলো। তবে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে একজন লোক হেলমেট পরিহিত এসে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যান। বিস্তারিত তদন্তের পর বলা যাবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



