ফেইসবুক লাইভে এসে অপপ্রচার ও অনলাইনে মানহানিকর সংবাদ প্রচারের অভিযোগে ৬ জনের বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়েছে।
সিলেট জেলা জজ আদালতের আইনজীবী সহকারী, সিলেট শহরতলীর বন্দবন্দ গ্রামের বাসিন্দা ফয়জুর রহমানের পুত্র আতিউর রহমান বাদী হয়ে বৃহষ্পতিবার সিলেটের সাইবার ট্রাইব্যুনারের বিচারক আবুল কাশেমের আদালতে এই মামলা দায়ের করেছেন।
আদালত মামলাটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) উপ-কমিশনারকে নির্দেশ প্রদান করেছেন। মামলায় অভিযুক্তরা হলেন- সিলেট শহরতলীর এয়ারপোর্ট থানাধীন ফতেগড় বাজারতলা গ্রামের বাসিন্দা বেলাল আহমদের ছেলে মামুনুর রশিদ শামীম, একই এলাকার জামাল আহমদের ছেলে রুবেল আহমদ, এয়ারপোর্ট থানাধীন দেবাইবহন গ্রামের বাসিন্দা আবদুল খালিকের ছেলে সাইফুল ইসলাম, দক্ষিণ সুরমার মোগলাবাজার থানাধীন জাপান স্কুল রোড স্কুলের বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও নিয়াজ মোহাম্মদ।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, অভিযুক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কথিত অনলাইন টিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করে বাদী আতিউর রহমান ও তার পরিবার এবং সিলেট জেলা বারের আইনজীবী এডভেকেট খোরশেদ আলম সম্পর্কে আপত্তিকর, মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর বক্তব্য উপস্থাপন করেন।
এছাড়া, অভিযুক্তরা বাদী আতিউর রহমান ও অ্যাডভোকেট খোরশেদ আলমের ছবি সংযুক্ত করে তাদেরকে চাঁদাবাজ, ভূমিদস্য, সন্ত্রাসী ইত্যাদি আপত্তিকর অভিধায় অভিহিত করে সংবাদ প্রচার করেন। আপত্তিকর লাইভের ভিডিও এবং প্রকাশিত সংবাদ বিভিন্ন ব্যক্তি অনলাইনে শেয়ার করেন। ফলে, বাদী ও তার পরিবারের সদস্যরা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছেন। এতে সংক্ষুব্ধ হয়ে আতিউর রহমান বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে ডিডিজাল নিরাপত্তা আইনের ২৫(১)(ক), ২৬(১), ২৯)১), ৩৫(১) ধারায় মামলা দায়ের করেন।
আদালত মামলার অভিযোগ আমলে নিয়ে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য মহানগর ডিবি পুলিশকে নির্দেশ দিয়েছেন। এডভোকেট মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে মোবাইল ফোনের নামে কথিত লাইভ টিভির মাধ্যমে মনগড়া, মানহানিকর ও ভিত্তিহীন বক্তব্য, সাক্ষাতকার ও লাইভ সম্প্রচার করা হচ্ছে, যা ডিজিটাল নিরাপত্তা আইন ও সাংবাদিকতার কোন নীতিমালার পরিপন্থি। সিলেটে সম্প্রতি সাইবার ট্রাইব্যুনাল চালু হওয়ায় এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের সুযোগ সৃষ্টি হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



