প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার সুযোগ এসেছিল পেসার তাসকিন আহমেদের। নতুন দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল এই টাইগার পেসারকে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে তাসকিনকে অনাপত্তিপত্র দেওয়া হয়নি। বোঝানো হয়েছে এই মুহূর্তে জাতীয় দলে তার প্রয়োজনীয়তার কথা। তাতে সায় দিয়ে আইপিএলকে ‘না’ বলে দিয়েছেন তাসকিন। কারণ, দক্ষিণ আফ্রিকায় একটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ বাকি। এরপরেই রয়েছে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। সব বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হয়েছে বোর্ড ও তাসকিনকে।
এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান জালাল ইউনুস। তাসকিন ইস্যুতে সরগরম দেশের ক্রিকেট মহল। বোর্ড থেকে শুরু করে সমর্থকরাও কথা বলছেন পক্ষে-বিপক্ষে।
এবার যোগ হলেন সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। আইপিএলে না খেলা ইস্যুতে তাসকিনের পাশেই থাকছেন নড়াইল এক্সপ্রেস।
ফেসবুক পোস্টে মাশরাফী লিখেছেন, ‘সিদ্ধান্ত বোর্ড নিক বা তাসকিন অবশ্যই সিদ্ধান্তটি পজিটিভ মনে হয়েছে কারণ, দেশের ক্রিকেটের কমিটমেন্ট সবার আগেই হওয়া উচিত। যদিও পৃথিবী চলছে বিপরীত মুখি এবং তার পক্ষে বা বিপক্ষে অনেক যুক্তি দাঁড় করিয়েই। শুধু একটাই খটকা, নিয়ম যাই হোক, তা যেন সবার জন্যই প্রযোজ্য হয়। তাহলে দলের সবার মানসিকতা সুন্দর ও সুস্থ থাকবে,যা বাংলাদেশ ক্রিকেটে সবচেয়ে জরুরি।’
এবার সুযোগ হারালেও ভালো পারফর্ম করে তাসকিন আবারও সুযোগ করে নেবেন বলে প্রত্যাশা মাশরাফীর।
‘ভালো খেলতে থাকো তাসকিন, সুযোগ আপনিতেই আসবে। ৩ বছর আগে তোমাকে দলে দেখলে সবার রাগ হতো, আর আজ দলে তোমার গুরুত্ব তুমি নিজেই দেখছো।’
মাশরাফী আরও লিখেছেন, ‘সব কিছুর মালিক আল্লাহ। আর এ যুদ্ধে তোমার পাশে ছিল খুব সামান্য কিছু মানুষ। তাদেরকে যথাযথ সম্মান দিও। দেশের হয়ে মাঠে নেমে নিজেকে নিংড়ে দেও কারণ, তোমার মতো হাজারও খেলোয়াড় এই দেশে খেলছে যারা একবার হলেও দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চায়। যে সুযোগ আজ আছে, কাল হয়তো থাকবে না। তাই তোমার ক্রিকেটের সেরা মুহূর্তগুলো হয়ে উঠুক লাল,সবুজেই। আল্লাহ তোমার সহায় হোন।’
নতুনসিলেট২৪ডটকম / এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



