সাতসকালে হবিগঞ্জের মাধবপুরে ট্রাকের ধাক্কায় অটোচালকসহ ৩ জন নিহতের ঘটনার রহস্য উদঘাটন করেছে পুলিশ। ট্রাকটি ছিল ছিনতাই করা, দ্রুতগতিতে পালাতে গিয়েই অটোরিকশাকে চাপা দেয় চালক। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার (ওসি) মাঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একদল ছিনতাইকারী টাঙ্গাইল থেকে ট্রাকটি ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর পৌর শহরের জালালাবাদ গ্যাস ফিল্ডের সামনে এ দুর্ঘটনার কবলে পড়ে। এতে অটোচালকসহ তিনজন নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও মাধবপুর থানা পুলিশ পৌঁছানোর আগেই ট্রাকের চালক-হেলপারসহ কয়েকজন ছিনতাইকারী পালিয়ে যায়।
ওসি আরো বলেন, পুলিশ ঘটনাটি তদন্ত করছে। বর্তমানে ট্রাকটি জব্দ করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। ছিনতাইকারীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হবে।
এদিকে মর্মান্তিক এ সড়ক দুর্ঘটনায় নিহত মাধবপুর উপজেলার বারাচান্দুরা গ্রামের মফিজুল মিয়া, মুরাদপুরের আনসু মিয়া ও অটোচালক মো. সামাদ আলীর বাড়িতে চলছে শোকের মাতম। নিহতদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন।
নতুনসিলেট২৪ডটকম/এএ
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



