একটি সম্ভাব্য চুক্তির কয়েকটি ক্ষেত্রে সম্মত হওয়ার কাছাকাছি অবস্থানে রয়েছে রাশিয়া ও ইউক্রেন। এর আগে নিরপেক্ষতা নীতিতে আলোচনা করতে রাজি হওয়ার কথা জানিয়েছে কিয়েভ।
বুধবার (১৬ মার্চ) রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ এমন দাবি করেছেন।-খবর রয়টার্সের
এতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় যুদ্ধটির অবসানের আশাবাদ জাগিয়েছে। আরবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চয়তার সঙ্গে ‘নিরপেক্ষ অবস্থান’ নিয়েও গুরুত্বের সঙ্গে আলোচনা হচ্ছে।
রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে এ বিষয়ে খুবই গুরুত্বের সঙ্গে আলোচনা চলছে। এখানে সুনির্দিষ্ট চুক্তির গঠন রয়েছে। আমার দৃষ্টিতে যা চুক্তির কাছাকাছি যাওয়ার মতো বলে মনে হয়েছে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ‘নিরপেক্ষতা’ নিয়ে কথা বলেছেন। ন্যাটোর সম্প্রসারণ ছাড়াই ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা দিতে চাচ্ছেন তিনি। গেল ফেব্রুয়ারিতে এই সম্ভাবনা নিয়েই আলোচনা হয়েছিল।
আলোচনা সহজ নয় স্বীকার করেই লাভরভ বলেন, এখানে কিছুটা আপসে পৌঁছানোর আভাস রয়েছে। শান্তি আলোচনা নিয়ে ইউক্রেন সতর্ক ও ইতিবাচক বিবৃতি দিচ্ছে। কিন্তু তারা বলছে, আত্মসমর্পণ তো করবেই না, রাশিয়ার আল্টিমেটামও মেনে নেবে না।
লাভরভ বলেন, আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে রয়েছে, পূর্ব ইউক্রেনের নাগরিকদের নিরাপত্তা, ইউক্রেনের নিরস্ত্রীকরণ ও রুশভাষী নাগরিকদের অধিকার বাস্তবায়ন করা।
ইতিমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইলো পোডোলক এক টুইটবার্তায় বলেন, বিভিন্ন এলাকায় রাশিয়ার সামরিক বাহিনীর বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে তুলছে কিয়েভের সেনারা। এতে দুই পক্ষের বিন্যাসে মৌলিক পরিবর্তন নিয়ে আসবে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



