সিলেটের জকিগঞ্জে নবাগত ওসির সঙ্গে আড্ডা দেওয়া চাঁদাবাজি মামলায় পরোয়ানাভূক্ত সেই আসামিকে অবশেষে গ্রেফতার করলো পুলিশ।
মঙ্গলবার (০১ মার্চ) সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান।
গ্রেফতারকৃত এটিএম ফয়ছল আহমদ দরগাবাহার পুরের আব্দুল করিমের ছেলে। তিনি সিলেটের আদালতের (দায়রা-৪৮/২১) মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি।
পৌর এলাকার হারিছ ট্রেডার্সের মালিক স্বত্বাধিকারী হারিছ উদ্দিন বাদি হয়ে ২০১৮ সালের ১০ নভেম্বর এটিএম ফয়ছল আহমদকে অভিযুক্ত করে জকিগঞ্জ থানায় মামলা (নং-০২(১১)১৮ দায়ের করেন। ওই মামলায় আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
এরআগে সোমবার (২৮ ফেব্রুয়ারি) ‘জকিগঞ্জে ওয়ারেন্টভুক্ত আসামিকে নিয়ে ওসির আড্ডা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর প্রেক্ষিতে বিতর্কে পড়েন থানার নবাগত ওসি মোশাররফ হোসেন।
এসময় আড্ডায় যোগ দিতে দেখা যায় গত ইউপি নির্বাচনে সাংবাদিকদের উপর হামলাকারী মুজিবকোট পরিহিত সোহেল আহমদ এবং কথিত সংবাদকর্মী শাহাদাত হোসেন চৌধুরী বকুল ও তার সঙ্গীয় দু’জন।
জানা গেছে, জকিগঞ্জ থানার নবাগত ওসি মোশাররফ হোসেন ১৯ ফেব্রুয়ারি জকিগঞ্জ থানায় যোগদান করেন। তাতে অভ্যর্থনা জানানোর জন্য থানায় এসে ওসির কার্যালয়ে আড্ডায় মত্ত ছিলেন ওয়ারেন্টি আসামি এটিএম ফয়ছল আহমদ। তার সঙ্গে আড্ডায় যোগ দিতে দেখা যায় গত ইউপি নির্বাচনে সাংবাদিকদের উপর হামলাকারী মুজিবকোট পরিহিত সোহেল আহমদ এবং কথিত সংবাদকর্মী শাহাদাত হোসেন চৌধুরী বকুল ও তার সঙ্গীয় দু’জন।
অভিযোগ রয়েছে, গ্রেফতারি পরোয়ানাভূক্ত হলেও ফয়ছল আহমদ পুলিশের সঙ্গে আঁতাত করে চলার। এরই ধারাবাহিকতায় নতুন ওসির সঙ্গে সখ্যতা গড়ে তোলার চেষ্টায় কথিত যুবলীগ কর্মী সোহেল ও সংবাদকর্মীদের নিয়ে অভ্যর্থনা জানাতে থানায় যান। থানায় অবস্থানকালে তারা ওসির কক্ষে আড্ডায় মেতে ওঠেন, ছবি তুলেন।
এ বিষয়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টায় তার সরকারি নাম্বারে কল দিলে থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার ফোনটি রিসিভ করে বলেন, ‘স্যার যোগদানের পর ১৯ কিংবা ২০ তারিখের দিকে তোলা। তখন হয়তো ছবিটি প্রকাশ হয়নি। যে বা যারা ছবিটি ছড়িয়েছে, উদ্দেশ্যমূলকভাবে ছড়িয়েছে। সে ওয়ারেন্টি আসামি, তা স্যার জানতেন না। সঙ্গীয়রা তাকে নিয়ে এসেছে। অথচ ওই বৈঠকে ওসি তদন্ত নিজেও উপস্থিত ছিলেন।
স্থানীয়দের অভিযোগ, সুমন চন্দ্রের সঙ্গে আড্ডারতদের সুসম্পর্ক ছিল। নবাগত ওসি না জানলেও ফয়ছল মামলার আসামি হিসেবে ওসি তদন্ত জানতেন! এরপরও তাকে গ্রেফতারে উদ্যোগী হননি? নতুন ওসিকে বিতর্কে ফেলতে এমনটি করা হয়েছে কিনা খতিয়ে দেখার দাবি ওঠেছে।
এবিষয়ে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. লুৎফর রহমান আরও বলেন, ওসি মোশাররফ নতুন যোগদান করায় আসামিকে না চেনার কথা। তাছাড়া সে অন্যদের সঙ্গে সাংবাদিক পরিচয় দিয়ে থানায় এসেছে।
উল্লেখ্য, গত ১৩ ফেব্রুয়ারি থানার আগের ওসি আবুল কাশেমকে মাত্র ১১ মাসের মাথায় বদলী করা হয়। তার স্থলাভিষিক্ত হন মোশাররফ হোসেন। গত ১৯ ফেব্রুয়ারি তিনি জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে যোগদান করেন। মোশাররফ হোসেন ইতোপূর্বে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি মডেল থানা ও এয়ারপোর্ট ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন।
পরবর্তীতে তাকে বদলী করে পাঠানো হয় ময়মনসিংহ রেলওয়ে পুলিশে। সেখান থেকে সিলেটের প্রবাসী কল্যাণ সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে ছিলেন। এরপর তাকে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



