বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইকবাল আহমদ চৌধুরী স্মরণে শোক সভার আয়োজন করা হয়েছে।
আগামি শুক্রবার (৪মার্চ) বিকাল ৩টার দিকে গোলাপগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শোক সভার আয়োজন করেছে উপজেলা আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ এর প্রেসিডিয়াম সদস্য সাবেক শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি।
উক্ত শোক সভায় আওয়ামী লীগ, অঙ্গসহযোগী সংগঠনসহ সকল স্তরের নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণেরকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক রফিক আহমদ।
উল্লেখ্য, বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা দলের গোলাপগঞ্জ উপজেলা সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী গত ২৯ জানুয়ারি রাতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় সিলেটের বোর্ড অব ট্রাস্ট্রিজের চেয়ারম্যান।
বর্ষীয়ান এই রাজনীতিবিদ ১৯৪২ সালের ১৭ জুলাই গোলাপগঞ্জে জন্মগ্রহণ করেন। ছাত্রাবস্থায় তিনি ভাষা আন্দোলনে জড়িত ছিলেন। শিক্ষা জীবনে সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজ এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালে সক্রিয় ছাত্র রাজনীতি করেন। আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, মতিয়া চৌধুরী, তোফায়েল আহমদের মতো জাতীয় নেতারা ছিলেন তার রাজনৈতিক সহযোদ্ধা।
ইকবাল আহমদ চৌধুরী সর্বশেষ ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। এর আগে ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তিনি প্রথম দফায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ইকবাল আহমদ চৌধুরী ২০০৪ সালে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হন। আমৃত্যু সে দায়িত্ব পালন করে গেছেন। তিনি স্কাউটসে বিশেষ অবদানের জন্য রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ রৌপ্যপদক লাভ করেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



