রাজধানীতে খুন, ছিনতাই ও মাদক সংক্রান্ত অপরাধ দিন দিন বাড়ছে। থানাগুলোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, সবচেয়ে বেশি হত্যার ঘটনা ঘটেছে ডিএমপি’র ওয়ারি ও মিরপুর বিভাগে।
আর চুরি ও মাদক সংক্রান্ত অপরাধ বেশি ঘটেছে তেজগাঁও বিভাগে। ২০২১ সালে ঢাকার থানাগুলোতে মামলার সংখ্যাও বেড়েছে। যদিও পুলিশের দাবি, আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর তৎপরতার কারণেই বেড়েছে মামলার সংখ্যা। অপরাধ বিশ্লেষকরা বলছেন, অপরাধ সংগঠিত হওয়ার আগেই ব্যবস্থা নিতে হবে।
দুই কোটির বেশি মানুষের বসবাস রাজধানী ঢাকায় যেখানে সড়কে প্রায়ই ঘটে ছিনতাই, অপহরণ, খুনের মত ঘটনা। আইনশৃঙ্খলাবাহিনীর কঠোর অভিযানের পরও কৌশল বদল করে অপরাধীরা সংঘবদ্ধ হয়ে ঘটিয়ে যাচ্ছে নানা অপরাধ, নষ্ট হচ্ছে সামাজিক নিরাপত্তা।
রাজধানীর থানাগুলোর তথ্য বিশ্লেষণ করলে দেখা যাবে, ২০২১ সালে অপরাধের মামলা হয়েছে ২৭ হাজার ৪৬১টি। সবচেয়ে বেশি মামলা হয়েছে মাদক নিয়ে। এরপর রয়েছে চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতার মামলা। যা ২০২০ সালের তুলনায় ২১ শতাংশ বেশি।
বিভিন্ন অপরাধে ২০২১ সালে সব মিলিয়ে গ্রেফতার করা হয় ৫০ হাজারের মত ব্যক্তিকে। আগের বছর সংখ্যাটি ছিল ৪২ হাজার ৩৬৯।
ডিএমপির হিসাব বলছে, রাজধানীতে অপরাধ দমন করতে গিয়ে ২০২১ সালে ৬৯ পুলিশ আক্রান্ত হয়েছেন। সাধারণ মানুষ বলছেন, ছিনতাইয়ের কারণে ভোর এবং সন্ধ্যার পর সড়কে চলাচল করাই কঠিন হয়ে পড়েছে।
ঢাকার মধ্যে যে কয়টি ডিএমপির বিভাগ রয়েছে এর মধ্যে খুনের ঘটনা সবচেয়ে বেশি ওয়ারি এবং মিরপুর বিভাগে। ঢাকা মহানগরে গত বছর যে ১৬৬টি খুনের ঘটনা ঘটেছে, তার মধ্যে ৩৫টি হয়েছে ডিএমপির ওয়ারি বিভাগে, ২৬টি মিরপুরে, এরপরই রয়েছে গুলশান-বানানী অন্য বিভাগগুলো। এছাড়া সড়ক দুর্ঘটনা ঘটনা এবং মাদক মামলা বেশি হয়েছে বনানী এবং তেজগাঁও বিভাগে।
ডিএমপির পাবলিক রিলেশনস অ্যান্ড মিডিয়া উপকমিশনার মোহাম্মদ ফারুক হোসেনের দাবি, যে এলাকায় নিম্ন আয়ের ও ভাসমান মানুষ বেশি, সেখানে অপরাধ বেশি।
রাজধানীতে অপরাধের এমন চিত্রে অপরাধ বিশ্লেষক ঢাবি শিক্ষক তৌহিদুল হক বিচারহীনতা, পুলিশের ব্যর্থতাসহ নানা বিষয় সামনে আনেন।
এতো কিছুর মধ্যেও আশার খবর হলো ঢাকা মহানগরীতে গড় হারে খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও দস্যুতা কমেছে। সুত্র: সময় নিউজ টিভি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



