ফের ভূমিকম্পে কাঁপলো সিলেট।মিনিটের ব্যবধানে দু’বার কম্পন অনুভূত হয়েছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নগরজুড়ে।
সোমবার (৭ জুন) সন্ধ্যা ৬টা ২৯ মিনিটে একবার ও ৬টা ৩০ মিনিটে একবার কেঁপে ওঠে সিলেট।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সিনিয়র মেট্রোলজিস্ট মুমিনুল ইসলাম নতুন সিলেটকে বলেন, ভূমিকম্প শুধু সিলেট অঞ্চলে অনুভূত হয়েছে। রিখটার স্কেলে দু’টি ঝাঁকুনিরই মাত্রা ছিল ৩ দশমিক ৮। এটির উৎপত্তিস্থল সিলেটেই। ঢাকা থেকে ১৮৮ কিলোমিটার উত্তর-পূর্বে।
এদিকে, ভূমিকম্প অনুভূত হওয়ার কারণে লোকজন বাসা-বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। অনেকে খোলা স্থানে ও সড়কের মাঝখানে নিরাপদ দূরত্ব বুঝে অবস্থান নিতে থাকেন। এছাড়া বহুতল ভবনে অনেককে ছাড়ে উঠে অবস্থান করতে দেখা গেছে। অজানা আতঙ্কে অনেকে শিশু সন্তানদের নিয়ে ঘরে ফিরতেও ভয় পাচ্ছেন।
এরআগে গত ২৯ মে পরপর চারবার ভূমিকম্প অনুভূত হয়। হেলে পড়ে অনেক ভবন। ২৯ মে সকাল ১০টা ৩৬ মিনিট, ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ড, ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ড ও দুপুর ২টায় ভূমিকম্প অনুভূত হয়।
ওই সময় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের মেট্রোলজিস্ট মমিনুল ইসলাম জানান, সকাল ১০টা ৩৬ মিনিটে ভূমিকম্পের রিখটার স্কেল ছিল ৩ দশমিক শূন্য। দ্বিতীয় ঝাঁকুনি ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে রিখটার স্কেলের মাত্রা ছিল ৪ দশমিক ১। তৃতীয় ঝাঁকুনি ১১টা ২৯ মিনিট ৫৩ সেকেন্ডে ২ দশমিক ৮। এছাড়া দুপুর ২টায় ভূমিকম্প অনুভূত হয়। চারটিরই উৎপত্তিস্থল সিলেটের আশপাশে। ঢাকা থেকে উত্তর পূর্বে এর অবস্থান।
তিনি বলেন, ডাউকি ফল্টের কারণে সিলেট ভূমিকম্পপ্রবণ এলাকা। যে কারণে জৈন্তাপুর সীমান্তের দিকেই এর উৎপত্তিস্থল।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, সিলেটে পর পর চারবার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প পর্যবেক্ষণ সিসমিক জরিপে সকাল ১০টা ৫০ মিনিট ৫৩ সেকেন্ডে ৪ দশমিক ১ মাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বাকি তিনটি হালকা কম্পন অনুভূত হয়। চারটিরই উৎপত্তিস্থল সিলেটের কাছাকাছি। ঢাকা থেকে এর উৎপত্তিস্থলের দূরত্ব ১৯৬ কিলোমিটার উত্তরপূর্বে।
পরদিন রোববার (৩০ মে) ভোর ৪ টা ৩৬ মিনিটে আবারো ভূমিকম্প অনুভুত হয়। ভোরবেলায় হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৮। এটিরও উৎপত্তি স্থল সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায়।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



