দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সংবাদকর্মী মো. হাফিজুল ইসলামের প্রথম জানাযা শুক্রবার বাদ জুম্মা নগরীর শিবগঞ্জ সৈয়দ হাতিম আলী মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাযায় লোকে লোকারণ্য ছিল মসজিদ প্রাঙ্গন। শেষ বিদায়ে উপস্থিত হন দৈনিক শ্যামল সিলেট’র বর্তমান ও প্রাক্তণ সহকর্মী, বন্ধুবান্ধব, সহপাঠি ও এলাকার লোকজন এবং উপস্থিত মুসল্লীদের অনেকে। এসময় এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা ঘটে।
জানাযার পূর্বে স্মৃতিচারণ করতে গিয়ে শ্যামল সিলেটের সম্পাদক মন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান বলেন, হাফিজুল ইসলাম ছিলেন আমার সন্তানের মতো। শৈশব থেকে তাকে আদর, যত্মে লালন করে বড় করেছি। একজন বিশ্বস্থ সহকর্মী হিসেবে আজীবন পাশে ছিল হাফিজুল। তার উপর ন্যাস্ত দায়িত্ব সূচারুভাবে পালন করে গেছে। তাকে সহকর্মী হিসেবে দেখিনি, দেখেছি সন্তান হিসেবে। আজ তাকে শেষ বিদায় জানাতে একজন বাবার কষ্ট নিজের মধ্যে অনুভূত হচ্ছে। একজন হাফিজুলকে হারানোয় শ্যামল সিলেটের জন্য এবং আমার জন্য অপূরণীয় ক্ষতি হলো। এ ক্ষতি পোষাবার নয়।
একজন বাবা হিসেবে সন্তানের জন্য ক্ষমা চেয়ে তিনি বলেন, চলার পথে তার কথায়, আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে তাকে মাফ করে দেবেন। হাফিজুলের পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী, আল্লাহর ওয়াস্তে তাকে ক্ষমা করে দেবেন। আর তার কাছে কেউ পাওয়া থাকলে, আমার কাছে বলবেন, আমি আল্লাহর ঘর মসজিদের সামনে দাঁড়িয়ে বলছি, তার সকল দেনা আমি পরিশোধ করবো।
ইটপাথরের শহরে বেড়ে ওঠা হাফিজুলের গ্রামের বাড়ি সুনামগঞ্জের শাল্লা উপজেলার দুর্লভপুর গ্রামে। তার বাবা মরহুম নুর মিয়া। প্রথম জানাযা শেষে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাদ এশা গ্রামের বাড়িতে দ্বিতীয় জানাযা শেষে জন্ম মাটিতে পঞ্চায়েতি কবরস্থানে বাবা-মায়ের পাশে তাকে সমাহিত করা হয়।
সিসিক মেয়রের শোক: দৈনিক শ্যামল সিলেটের বিজ্ঞাপন প্রতিনিধি হাফিজুল ইসলামের মৃত্যতে গভীর শোক জ্ঞাপন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। এক শোক বার্তায় সিসিক মেয়র মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
জেলা প্রেসক্লাবের শোক: দৈনিক শ্যামল সিলেট পত্রিকার বিজ্ঞাপন প্রতিনিধি হাফিজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
শ্যামল সিলেট পরিবারের শোক: শ্যামল সিলেট’র সংবাদকর্মী হাফিজুল ইসলামের মৃত্যুতে শোক জানিয়েছেন পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মুকিত। এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। শোক বার্তায় বলা হয়, হাফিজুল ইসলাম শ্যামল সিলেটের এক নিষ্ঠাবান কর্মী ছিলেন। তার মৃত্যু শ্যামল সিলেটের অপূরণীয় ক্ষতি হয়ে গেলো। শ্যামল সিলেট একজন স্বজনকে হারালো। এ ক্ষতি পূরণ হবার নয়।
প্রসঙ্গত, শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় সিলেট নগরের শিবগঞ্জ হাতিমবাগস্থ বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হাফিজুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে দূরারোগ্য ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। দীর্ঘদিন থেকে তিনি লিভার ক্যান্সার রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে-মেয়ে ও স্ত্রী সহ অসংখ্য গুনগ্রাহি স্বজন রেখে গেছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



