আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিলেটে মেডিক্যাল কলেজের ছাত্রাবাসে ছাত্রলীগ ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) মধ্যরাত ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ ডা. শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে পৃথক এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার রাত ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শহীদ শামসুদ্দিন আহমদ ছাত্রাবাসে অবস্থান নেয় শিবিরের নেতাকর্মীরা। এসময় ছাত্রাবাসের ভেতরে তারা সশস্ত্র অবস্থান নিয়ে শক্তিবৃদ্ধি করতে থাকে। এক পর্যায়ে ছাত্রলীগ নেতাকর্মীরা শিবির নেতাকর্মীদের ধাওয়া করে হল ছাড়া করে। এ নিয়ে মধ্যরাত ১২টার দিকে উভয় ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

খবর পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থলে পৌছার আগেই ছাত্র শিবির নেতাকর্মীরা হল ত্যাগ করে। এরপর রাতে ছাত্রাবাসে পুলিশ তল্লাশি চালায়।
রাত পৌণে ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ছাত্রাবাস দখল নিয়ে দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের মধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। ছাত্রলীগ নেতাকর্মীরা নগরের রিকাবিবাজার পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ছাত্রাবাস এলাকায় ছাত্রলীগ ও শিবিরের মধ্যে উত্তেজনা দেখা দিলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। বর্তমানে ছাত্রবাস এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



