অস্ত্র ধরে সুনামগঞ্জ সদর হাসপাতালে দরপত্রের সিডিউল ছিনতাইয়ের ঘটনায় উপজেলা যুবলীগ সভাপতিসহ ২৫ জনকে আসামি করে দ্রুতবিচার আইনে একটি মামলা হয়েছে।
বুধবার রাতে ঠিকাদারি প্রতিষ্ঠান ঈগল এন্টারপ্রাইজের মার্কেটিং অফিসার পাভেল বাদী হয়ে এ মামলা করেন। এ মামলায় গ্রেফতার দেখিয়ে আটক যুবলীগ সভাপতিসহ পাঁচজনকে আদালতের মাধ্যামে কারাগারে পাঠিয়েছে পুলিশ।
এ তথ্য নিশ্চিত করে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন জানান, সদর হাসপাতালের দরপত্র ছিনতাইয়ের ঘটনায় আটক চারজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ২০-২৫ জনের বিরুদ্ধে দ্রুতবিচার আইনে মামলা রেকর্ড করা হয়েছে। বুধবার রাতে মামলাটি রেকর্ড করা হয়।
এর আগে বুধবার সকালে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রায় সাড়ে তিন কোটি টাকার এমএসআর সামগ্রী (ওষুধপত্র) সরবরাহকারী নিয়োগের দরপত্র জমা দিতে আসা দুটি প্রতিষ্ঠানের দরপত্র দাখিলে বাধা ও ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এ ঘটনায় হাসপাতালের সিসি ফুটেজ দেখে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে। শহরের সদর হাসপাতাল এলাকা ও হাজীপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক শহরের তেঘরিয়া এলাকার বাসিন্দা এহসানুল হক উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সামিয়ান তাজুল, যুবলীগ নেতা রিগেন আহমদ, উজ্জ্বলের সহযোগী শহরতলির মাইজবাড়ির বাসিন্দা হাফিজুর রহমান লিটন ও রাজবাড়ী জেলার পাংশার শাওন আহমদ।
সুনামগঞ্জ কোর্ট’এর সিএসআই বদরুল আলম তালুকদার জানান, গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার পুলিশ আদালতে হাজির করলে আসামিদের জামিনের আবেদন করেন তাদের আইনজীবী। শুনানি শেষে পাঁচজনেরই জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন সুনামগঞ্জের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দুর রহিম।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আনিসুর রহমান জানান, এ ঘটনায় হাসপাতালের দরপত্র প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।
টেন্ডার ছিনতাইয়ের বিষয়ে জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপল বলেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কেউ অন্যায় কাজ করলে সেটা তাদের ব্যক্তিগত দায়, সংগঠনের নয়। এ ধরনের ঘটনা অবশ্যই নিন্দনীয়।
তিনি বলেন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক এহসান আহমদ উজ্জ্বলকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



