করোনা পরীক্ষায় নেগেটিভ হয়েছেন বাংলাদেশ সফরে আসা আফগানিস্তানের ক্রিকেটাররা। দলের ৮ ক্রিকেটারসহ আরও ৪ জন এখন করোনামুক্ত।
ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ৮ ফেব্রুয়ারি বাংলাদেশে আসে আফগানিস্তান ক্রিকেট দল। ১৪ ফেব্রুয়ারি স্কোয়াডও ঘোষণা করে তারা। এর পরই পাওয়া যায় দুঃসংবাদ। সফরকারী দলটির ৮ জন সদস্য করোনা পজিটিভ হন। এই দলে ছিলেন সাপোর্টিং স্টাফের তিন সদস্য ও একজন ক্রিকেটারের স্ত্রীও। কোনো উপসর্গ না থাকায় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) আবার করোনা পরীক্ষা করান তারা। বুধবার (১৬ ফেব্রুয়ারি) পাওয়া রেজাল্টে দেখা যায় সবাই করোনা নেগেটিভ।
আফগানিস্তান বহর করোনা নেগেটিভ হওয়ায় বৃহস্পতিবার নিজেদের মধ্যে একটি ম্যাচ খেলবে তারা। এরপর ২৩ ফেব্রুয়ারি টাইগারদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ। সিরিজে দুটি টি-টোয়েন্টিও খেলবে দুই দল। সিরিজ শুরুর ১২ দিন আগে ২২ সদস্যের আফগানিস্তান ক্রিকেট দল বাংলাদেশে আসলেও সেখানে ছিলেন না লেগ স্পিনার রশিদ খান। পাকিস্তান সুপার লিগ শেষে তিনিও যাত্রা করবেন বাংলাদেশের উদ্দেশে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পিএসএলে খেলবেন তিনি। ২০ ফেব্রুয়ারি তার ঢাকায় পা রাখার কথা রয়েছে।
সফরকারীদের এতো আগে আসার কারণ সিলেটে এক সপ্তাহের ক্যাম্প। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিসিবিকে এক সপ্তাহের ক্যাম্পের প্রস্তাব দেয় আফগানিস্তান ক্রিকেট বোর্ড। বিসিবিও তাদের প্রস্তাবে সাড়া দেয়।
আফগানিস্তানের ওয়ানডে স্কোয়াড
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাঈ, ফরিদ মালিক, ফজল হক ফারুকি, গুলবদীন নাঈব, ইব্রাহিম জাদরান, ইকরাম আলী খিল, মোহাম্মদ নবি, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, রিয়াজ হাসান, শহিদউল্লাহ কামাল ও ইয়ামিন আহমেদজাই। এ ছাড়া রিজার্ভ হিসেবে রাখা হয়েছে কায়েস আহমেদ ও সেলিফ সাফিকে।
আফগানিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড
মোহাম্মদ নবি (অধিনায়ক), আফসার জাজাই, আজমতউল্লাহ ওমরজাই, দারউইশ রাসুলি, ফরিদ আহমেদ মালিক, ফজল হক ফারুকি, হযরতউল্লাহ জাজাই, করিম জানাত, মুজিব উর রহমান, নাজিবউল্লাহ জাদরান, নিজাত মাসুদ, কাইস আহমেদ, রহমানউল্লাহ গুরবাজ, রশিদ খান, শরাফুদ্দিন আশরাফ ও উসমান ঘানি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



