কাতারকে ন্যাটোর বাইরে বড় মিত্র আখ্যা দেবে যুক্তরাষ্ট্র। সোমবার (৩১ জানুয়ারি) ওভাল অফিসে এক বৈঠকে অস্থিতিশীল মধ্যপ্রাচ্যে গুরুত্বপূর্ণ মিত্রকে বিশেষ মর্যাদা দেওয়ার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
উপসাগরীয় ছোট্ট দেশটিকে এই মর্যাদা দেওয়ার কথা কংগ্রেসকে অবগত করার পরিকল্পনা করেছেন তিনি। ন্যাটোর বাইরের মিত্রের সঙ্গে মার্কিন সামরিক বাহিনীর কৌশলগত সম্পর্ক বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।
কাতারে আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে সঙ্গে নিয়ে ওয়াশিংটন-দোহার সম্পর্কোন্নয়নের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন বাইডেন। এ সময়ে কাতারকে ভালো বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ঘোষণা করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি কংগ্রেসকে বলব যে কাতারকে ন্যাটোর বাইরের বড় মিত্র হিসেবে আখ্যায়িত করতে যাচ্ছি। আমাদের সম্পর্কের গুরুত্বের প্রতিফলন হিসেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ সম্পর্কের কারণে ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কে ক্ষেত্রে বিশেষ সামরিক ও অর্থনৈতিক সুবিধা পাবে দোহা।
ঘটনার বিবরণীতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘনিষ্ঠ মিত্রের ক্ষেত্রে ন্যাটোর বাইরের বড় মিত্র তকমা একটি শক্তিশালী প্রতীক। সেই সব দেশের সঙ্গেই যুক্তরাষ্ট্র এমন সম্পর্ক গড়ে তোলে, যারা বন্ধুত্বের সম্মানের হাত বাড়িয়ে দিয়েছে।
কুয়েতের পর দ্বিতীয় দেশ হিসেবে কাতার যুক্তরাষ্ট্রের এমন ঘনিষ্ঠতা পেয়েছে। ২০২১ সালের জানুয়ারিতে বাইডেন শপথ নেওয়ার পর এই প্রথম যুক্তরাষ্ট্র সফরে যান শেখ তামিম।
তিনি এমন এক সময় এই সফর করেছেন, যখন পূর্ব ইউরোপে বড় ধরনের সামরিক ও কূটনৈতিক সংকটের মোকাবিলা করছে যুক্তরাষ্ট্র। রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে বলে শঙ্কা ওয়াশিংটনের।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



