শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ( শাবিপ্রবি) ফেনসিডিলসহ অতিথি ভবনের জাহিদুর রহমান নামের এক গার্ডকে আটক করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে এর সাথে সম্পৃক্তার অভিযোগে আরো একজনসহ মোট দুইজনকে আটক করেছে শিক্ষার্থীরা।
সোমবার (২৪ জানুয়ারি) রাত সোয়া এগারোটার দিকে এই গার্ডকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, সোমবার রাত ১১টার দিকে ফেনসিডিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যাওয়ার সময় তাকে আটক করা হয়। এ সময় জাহিদুরের কাছ থেকে একটি আইডিকার্ড পাওয়া যায়। ওই আইডিকার্ডে তার নাম জাহিদুর রহমান বলে নিশ্চিত হওয়া গেছে। আটকের পর জাহিদ নিজেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের পাশে অতিথি ভবনের নিরাপত্তা কর্মী হিসেবে পরিচয় দেন।
এরপর আটক জাহিদকে জিজ্ঞাবাদ করা হলে তিনি বলেন, একজন স্যার আমাকে বলেন এক লোক একটি ওষুধ দিবে তা এনে দিতে। ওই শিক্ষকের কথামতো আমি বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের কাছ থেকে এক লোকের দেয়া ওষুধ নিয়ে আসি। এটি ফেনসিডিল কিনা তা আমি জানতাম না। পরে গণমাধ্যমকর্মী, পুলিশ ও তিন শিক্ষার্থীর উপস্থিতিতে জাহিদুরকে নিয়ে বিশ্ববিদ্যালয়ের অতিথি ভবন ও ডরমেটরিতে নিয়ে যাওয়া হলে সেখানে এ অভিযুক্ত শিক্ষককে পাওয়া যায়নি। পরে শিক্ষার্থীরা বিভিন্ন বিভাগের শিক্ষকের ছবি দেখালে ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক ড. মাজহারুল হাসান মজুমদারকে শনাক্ত করে জাহিদ।
এ বিষয়ে পুলিশের উপ-কমিশনার আজবাহার আলী শেখ বলেন, আমরা প্রাথমিকভাবে দেখেছি শিক্ষার্থীরা তাকে আটক করেছে। তখন শিক্ষার্থীরা তার হাতে একটি পেনসিডিল এর বোতল পায়। এতে হিন্দি ও ইংরেজিতে লিখা আছে এটি পেনসিডিল। আমরা এ ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছি। তবে কে অভিযুক্ত রয়েছেন তা মৌখিকভাবে বলা হলেও তদন্ত সাপেক্ষে তা বের হয়ে আসবে।
এ ব্যাপারে অভিযুক্ত শিক্ষকের বক্তব্য নিতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



