শিক্ষামন্ত্রীকেই সিলেটে আসার অনুরোধ জানালো অনশনরত শিক্ষার্থীরা। তারা জানান, অনশনরত শিক্ষার্থীদের অনেকেই অসুস্থ। শারীরিক অবস্থা অবনতির দিকে। এর মধ্যে চারজনকে নেবুলাইজার দেওয়া হয়েছে। এ অবস্থায় তাদেরকে রেখে অন্য শিক্ষার্থীরা বৈঠক করতে ঢাকা যাবেন না।
শুক্রবার (২১ জানয়ারি) সন্ধ্যা ৭ টার দিকে গণমাধ্যমকে এ কথা জানান শিক্ষার্থীরা। এরআগে সন্ধ্যা ৭টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকায় যাওয়া নিয়ে আলোচনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
তিনি আন্দোরনরত শিক্ষার্থীদের অনুরোধ জানান শিক্ষামন্ত্রী আহবানে ঢাকায় যেতে এবং যারা অনলাইনে যুক্ত হওয়ার, এখান থেকে যুক্ত হতে। শিক্ষার্থীদের তিনি বুঝিয়ে বলেন, এসব সমস্যা অনলাইনে সমাধান করা যায় না। সরাসরি বসলে আলোচনা ফলপ্রসূ হবে।
তিনি বলেন, এ বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন শিক্ষামন্ত্রী। শিক্ষার্থীদের বিষয়টি দ্রুত সমাধান করার জন্য প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে নির্দেশ দেন। তবে, পরিবারের এক সদস্য অসুস্থ থাকার কারণে শিক্ষামন্ত্রী আসতে হলে আরো দুই/একদিন দেরি হতে পারে। এই সময়ের মধ্যে শিক্ষার্থীদের অনেকের শারীরিক অবস্থা আরো খারাপের দিকে যেতে পারে। তাই সমাধানের দিকে যেতে চাচ্ছি।
কিন্তু আন্দোলনরত শিক্ষার্থীরা নিজেদের অসুবিধা কথা তুলে ধরে বলেন, শিক্ষামন্ত্রী না আসতে পারলে ভার্চুয়ালি তাদের সঙ্গে আলোচনা করতে পারেন। কেননা, এখন প্রধানমন্ত্রীও অনেক গুরু্ত্বপূর্ণ সভা ভার্চুয়ালি করে থাকেন। এমনকি জাতিসংঘেও ভার্চুয়ালি সভা হয়।
শিক্ষামন্ত্রীর বার্তা নিয়ে শাবিতে অনশনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল। ছবি-নতুন সিলেট আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল এর সঙ্গে আলোচনা শেষে প্রেস ব্রিফিংয়ে অনশনরত পদার্থ বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আবেদীন বলেন, আজ অনশনের ৫৫ ঘন্টা অতিবাহিত হচ্ছে। এরমধ্যে আমরা একফোঁটা পানিও পান করিনি। অনেককে চিকিৎসকরা বার বার সতর্কবার্তা দেওয়ার পরও অনশন ভাঙেননি। ফলে আমাদের অনেকেই অসুস্থ। কারো অক্সিজেন স্যাচুরেশন কমে যাচ্ছে। কারো ব্লাড প্রেশার ঠিক থাকতেছে না । এ অবস্থায় অনেককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখানে থাকা শিক্ষার্থীদের প্রত্যেকের অবস্থা খুবই খারাপ।
তিনি বলেন, এরইমধ্যে শিক্ষামন্ত্রী আন্দোলনকারীদের আলোচনার জন্য ঢাকা যাওয়ার প্রস্তাব দিয়েছেন, জানতে পারি। তাঁর এই স্বহৃদয় প্রস্তাবকে আমরা স্বাগত জানাই। তবে আমাদের কোনো প্রতিনিধি এ অবস্থায় ঢাকায় যাবেন না।
শাহরিয়ার আবেদীন বলেন, আমরা বিশ্বাস করি শিক্ষামন্ত্রী তাঁর পেশাদারিত্বের বাইরেও একজন নারী, একজন মা। আমরা আশাবাদী তিনি সন্তানদের আহবানে সিলেটে আসবেন।
বুধবার (১৯জানুয়ারি) বিকাল তিনটা থেকে পাবিপ্রবির ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ চেয়ে বাসভবনের সামনে অনশনে বসেন ২৪ শিক্ষার্থী। ইতোমধ্যে ১৩ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। এর মধ্যে ১০ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ২ জনকে রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজন মাউন্ট এডোরা চিকিৎসা নিচ্ছেন। তাছাড়া একজনের বাবা অসুস্থ হওয়াতে অনশন ছেড়ে বাড়ির উদ্দেশ্যে গেছেন। আর অনশনরত অবস্থায় রয়েছেন ১০ জন।
তবে শিক্ষার্থীরা জানান, অনশনে যোগ দিতে আরো অনেক শিক্ষার্থী প্রস্তুত রয়েছেন।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



