কুষ্টিয়া সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ভ্যান চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক নারী যাত্রী।
সোমবার (১০ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মণ্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার স্বস্তিপুর এলাকার হজেল হোসেনের ছেলে ভ্যানচালক মুক্তার হোসেন (৫০), একই এলাকার আজিজুল হকের স্ত্রী জেসমিন (৩০), আলামপুর হালদারপাড়া এলাকার ভাদু মোল্লার মেয়ে রোজিনা খাতুন (২৭) ও হালদারপাড়ার মনোরঞ্জনের স্ত্রী স্বপ্না রানী (৪৫)।
আহত তহমিনা খাতুন আলামপুর ইউনিয়নের বালিয়াপাড়া গ্রামের শরিফুলের স্ত্রী। তিনি কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল দক্ষিণপাড়া এলাকায় মণ্ডল হোটেলের সামনে কুষ্টিয়া-ঝিনাইদহ সড়কে ঝিনাইদহগামী একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ট্রাকটিকে জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে।
সম্পাদক: এসএম নাসির উদ্দিন।
উপ সম্পাদক: দেওয়ান জাকির হোসেন।
যোগাযোগ: পশ্চিম জিন্দাবাজার, সিলেট।
ই-মেইল: natunsylhetnews@gmail.com
মুঠোফোন: ০১৭১৫৫০১১৫১
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পুর্ন বে-আইনি।



